স্পিকারের সাথে ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
সংবাদের আলো ডেস্ক: জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ফ্রান্সের রাষ্ট্রদূত জ্যঁ-মার্ক সেরে-শারলে। রোববার (১৭ মে) জাতীয় সংসদ ভবনে স্পিকারের কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
স্পিকার হাফিজ উদ্দিন বলেন, ফ্রান্সের সাথে বাংলাদেশের সম্পর্ক ঐতিহাসিক। মহান মুক্তিযুদ্ধের পর ফ্রান্স বাংলাদেশকে স্বীকৃতি দান করে বন্ধুত্বের পরিচয় দেয়। এছাড়া ইউরোপীয় ইউনিয়নভুক্ত (ইইউ) দেশগুলোর মধ্যে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক অংশীদার হচ্ছে ফ্রান্স।
স্পিকার আরও বলেন, বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা হয়েছিল অনেক আগেই। বাংলাদেশের জনগণ সবসময় স্বৈরাচারীর বিরুদ্ধে সংগ্রাম করে আসছে। দীর্ঘ ১৬ বছর ধরে মাফিয়া শেখ হাসিনার সরকার এদেশের গণতন্ত্রকে বিপন্ন করেছিল। এদিকে, এদেশের সহস্র জনগণ গণতন্ত্র রক্ষায় নিজেদেরকে বারংবার আত্মোৎসর্গ করেছে।
ফ্রান্সের রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশে অনুষ্ঠিত সবশেষ জাতীয় সংসদ নির্বাচন অত্যন্ত স্বচ্ছ, অবাধ ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। এই নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা অব্যাহত হয়েছে।
সাক্ষাতকালে তারা উভয়ই ইইউর সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির প্রয়োজনীয়তার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। এছাড়াও দুই দেশের জনগণের সাথে জনগণের সম্পর্ক স্থাপন, আন্ত:সংসদীয় সম্পর্ক জোরদারকরণ, নারীদের রাজনৈতিক ক্ষমতায়ন এবং মানবাধিকারসহ জাতিসংঘের শান্তি মিশনে নিযুক্ত বাংলাদেশের শান্তিরক্ষী বাহিনীদের নিয়ে মত বিনিময় করেন।
এছাড়া, স্পিকার আগামী জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে সভাপতি পদে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর প্রার্থিতার বিষয়ে ফ্রান্সের সমর্থন কামনা করেন।
বৈঠকে ফরাসি দূতাবাসের প্রতিনিধিদলের সদস্য এবং জাতীয় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।