সোমবার, ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

সাভারের ট্যানারি শিল্পে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের তাগিদ বাণিজ্যমন্ত্রীর

সংবাদের আলো ডেস্ক: সাভারের ট্যানারি শিল্পে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। একই সঙ্গে চামড়া শিল্পের সম্ভাবনাকে কাজে লাগাতে সমন্বিত উদ্যোগের ঘোষণা দেন তিনি।

রোববার (১৭ মে) চামড়া শিল্প বিষয়ক টাস্কফোর্সের সভায় প্রধান অতিথির বক্তব্যে বাণিজ্যমন্ত্রী এ তথ্য নিশ্চিত করেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, দেশের চামড়া শিল্পের ব্যবসার পরিধি ভবিষ্যতে ১২ বিলিয়ন ডলারে উন্নীত করা সম্ভব। এ লক্ষ্য অর্জনে সরকার পরিকল্পিতভাবে পুরো খাতকে আধুনিকায়নের উদ্যোগ নিচ্ছে। সাভারের কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার (সিইটিপি) বর্তমানে বেহাল অবস্থায় রয়েছে এবং এর পূর্ণ আধুনিকায়নে আরও কয়েক বছর সময় লাগতে পারে। তবে সিইটিপির উন্নয়ন সম্পন্ন হলে বিদেশি বিনিয়োগ উল্লেখযোগ্যভাবে বাড়বে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

তিনি আরও বলেন, পশু জবাই থেকে শুরু করে আল্টিমেট স্লাজ ম্যানেজমেন্ট পর্যন্ত পুরো চেইনকে একটি পরিকল্পনার আওতায় আনা হবে। এই খাতের সম্ভাবনাকে কাজে লাগিয়ে সম্মিলিত প্রচেষ্টায় চামড়া শিল্পকে আরও শক্তিশালী অবস্থানে নেওয়া হবে। বাংলাদেশের মানুষের সক্ষমতা এবং চামড়া শিল্পের সম্ভাবনাকে বাস্তব অর্থনৈতিক শক্তিতে রূপ দিতে কাজ করছে সরকার। ঈদের পর থেকেই এ বিষয়ে অ্যাকশনভিত্তিক পরিকল্পনা বাস্তবায়ন শুরু হবে।

এছাড়াও সভায় পরিবেশ রক্ষার বিষয়েও গুরুত্বারোপ করেন বাণিজ্যমন্ত্রী। তিনি বলেন, ট্যানারি মালিকদের পরিবেশ সুরক্ষায় আরও সচেতন হতে হবে। বর্তমানে সাভারের ১৫৬টি ট্যানারির মধ্যে ১০০টি পরিবেশ ছাড়পত্র পেয়েছে বলেও জানান তিনি।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়