মঙ্গলবার, ২৮শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

সাতক্ষীরায় বিধবা নারীকে নৃশংসভাবে হত্যা

সংবাদের আলো ডেস্ক: সাতক্ষীরা শহরের অদূরে মাগুরা গ্রামে বীথিকা রানী সাধু (৫০) নামে পেশায় মুদি ব্যবসায়ী এক বিধবা নারীকে নৃশংসভাবে হত্যা করেছে দুর্বৃত্তরা।

রোববার (২৭ এপ্রিল) রাতে নিজ বাড়ির অদূরে একটি ডোবা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত বিথীকা সাধু মাগুরা গ্রামের মৃত বিশ্বনাথ সাধুর স্ত্রী। তিনি গ্রামের বউবাজারে একটি মুদি দোকান চালাতেন।

পুলিশ ও নিহতের পরিবার জানিয়েছে, সন্ধ্যা সাড়ে সাতটার থেকে বিথীকা সাধু নিজ বাড়ি থেকে দোকানের উদ্দেশ্যে রওনা হন। পথিমধ্যে অজ্ঞাত দুর্বৃত্তরা তার নাক ও মুখমণ্ডলে আঘাত করে নৃশংসভাবে হত্যা করে মরদেহ রাস্তার ধারে ডোবায় ফেলে পালিয়ে যায়। পরে রাত সাড়ে এগারোটার দিকে এলাকাবাসী বিথীকা রানীর মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।

পরিবারের সদস্যরা জানান, এলাকায় মাদকসেবীদের উৎপাত রয়েছে। বিথীকা সাধুর গলায় স্বর্ণের চেইন ও কানে দুল ছিল। সেটি পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, মাদকসেবীরা ছিনতাইকালে তাদের চিনে ফেলায় বিথীকা সাধুকে হত্যা করা হয়েছে। ভারী বস্তু দিয়ে মাথা ও মুখ থেতলে দিয়েছে।

এ ঘটনায় নিহতের ছেলে কার্তিক সাধু বাদী হয়ে অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে সাতক্ষীরা সদর থানায় একটি মামলা করেছেন। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়