সোমবার, ২৭শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

বান্দরবানে নাইক্ষ্যংছড়িতে সিএনজি থেকে ইয়াবা উদ্ধার, চালক আটক!

আব্দুল আওয়াল আলিফ, বান্দরবান জেলা প্রতিনিধি: বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সদর ইউনিয়নের বাসস্টেশন এলাকায় একটি সিএনজিচালিত অটোরিকশা থেকে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৯ হাজার ৮০০ পিস ইয়াবা জব্দ করেছে নাইক্ষ্যংছড়ি থানা পুলিশের গোয়েন্দা শাখা। এ ঘটনায় সিএনজির চালককে আটক করা হয়েছে।আটক ব্যক্তি জান্নাত উল্লাহ সাঈদ (১৯)। তিনি উপজেলার সদর ইউনিয়নের ইসলামপুর গ্রামের মো. হাসানের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার (২৭ এপ্রিল) সকাল সাড়ে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে নাইক্ষ্যংছড়ি পুরাতন বাসস্টেশন এলাকায় তল্লাশি জোরদার করা হয়।এ সময় নাইক্ষ্যংছড়ি থেকে রামুগামী একটি সন্দেহভাজন সিএনজি থামানো হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে চালক কোনো অবৈধ বস্তু বহনের কথা অস্বীকার করেন।

পরে তল্লাশি চালিয়ে সিএনজি অটোরিকশা চালকের আসনের নিচে বিশেষভাবে লুকিয়ে রাখা ইয়াবা উদ্ধার করা হয়। সেখান থেকে মোট ৯ হাজার ৮০০ পিস ইয়াবা জব্দ করা হয়। এ ঘটনায় চালক জান্নাত উল্লাহ সাঈদকে আটক করা হয়েছে এবং মাদক পরিবহনে ব্যবহৃত সিএনজি অটোরিকশাটি জব্দ করা হয়েছে।

নাইক্ষ্যংছড়ি থানার ওসি (তদন্ত) মো. একরাম উল্লাহ জানান, উপজেলায় মাদক পাচার ও চোরাচালান রোধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। আটক ব্যক্তি ও উদ্ধার করা মাদকের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়