বুধবার, ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ইরানের হামলা

সংবাদের আলো ডেস্ক: বিশ্বের গুরুত্বপূর্ণ বাণিজ্যিক পথ হরমুজ প্রণালিতে নতুন করে অন্তত ৩টি কন্টেইনার জাহাজে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে সামুদ্রিক নিরাপত্তা সূত্র ও ইউকেএমটিও।

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাবে এবং পরবর্তীতে বন্দরগুলোর ওপর যুক্তরাষ্ট্রের অবরোধের প্রতিক্রিয়ায় ইরান প্রণালিটি ব্যবহারকারী জাহাজগুলোর ওপর বিভিন্ন বিধিনিষেধ আরোপ করেছে।

জানা যায়, ওমানের উত্তর-পূর্বে একটি লাইবেরিয়া পতাকাবাহী কন্টেইনার জাহাজ গুলিবর্ষণ ও রকেটচালিত গ্রেনেড হামলায় ব্রিজ অংশে ক্ষতিগ্রস্ত হয়েছে।

ইউকেএমটিও জানিয়েছে, জাহাজটির ক্যাপ্টেন আইআরজিসির একটি গানবোট তাদের কাছে আসতে দেখেন। পরে জাহাজটির ওপর গুলিবর্ষণ করা হয়। তবে সব নাবিক নিরাপদ রয়েছেন এবং এ ঘটনায় কোনো অগ্নিকাণ্ড বা পরিবেশগত ক্ষতি হয়নি।

সামুদ্রিক নিরাপত্তা সূত্র জানায়, ওই গানবোটে তিনজন ব্যক্তি ছিলেন।

এদিকে, গ্রিস পরিচালিত আরেকটি কন্টেইনার জাহাজের ক্যাপ্টেন জানান, ঘটনার আগে কোনো রেডিও যোগাযোগ করা হয়নি এবং শুরুতে জাহাজটিকে হরমুজ প্রণালি অতিক্রমের অনুমতি দেওয়া হয়েছিল বলে জানানো হয়েছিল।

পরবর্তীতে ইউকেএমটিও জানায়, ইরানের পশ্চিমে প্রায় আট নটিক্যাল মাইল দূরে দ্বিতীয় একটি কন্টেইনার জাহাজেও গুলিবর্ষণ করা হয়। পানামা পতাকাবাহী ওই জাহাজটি ক্ষতিগ্রস্ত হয়নি এবং এর সব নাবিক নিরাপদ রয়েছেন।

একইভাবে হরমুজ প্রণালি অতিক্রম করে বের হওয়ার সময় ইরানের পশ্চিমে প্রায় আট নটিক্যাল মাইল দূরে একটি তৃতীয় কন্টেইনার জাহাজেও গুলিবর্ষণের ঘটনা ঘটে। লাইবেরিয়া পতাকাবাহী জাহাজটি ক্ষতিগ্রস্ত না হলেও ঘটনাটির পর সমুদ্রে থেমে যায়। জাহাজটির সব নাবিক নিরাপদ রয়েছেন বলে জানিয়েছে সূত্রগুলো।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়