মঙ্গলবার, ৩১শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

গাজীপুরে ৩৪ হাজার লিটার জ্বালানি তেল জব্দ

সংবাদের আলো ডেস্ক: গাজীপুরের কোনাবাড়ীতে বাইমাইল এলাকায় মেসার্স আব্দুল আলী ফিলিং স্টেশন থেকে অবৈধভাবে মজুত ৩৪ হাজার লিটার জ্বালানি তেল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (৩০ মার্চ) রাতে গাজীপুর জেলা প্রশাসনের অভিযানে এই তেল জব্দ করা হয়।  নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সালেহুর রহমানের নেতৃত্বে এই  অভিযানে পুলিশ, বিজিবি এবং অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অংশ নেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, গোয়েন্দা সংস্থার গোপন সংবাদের ভিত্তিতে কোনাবাড়ীর বাইমাইল এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে অবস্থিত ওই ফিলিং স্টেশনে অভিযান চালানো হয়। অভিযানে ২৮ হাজার ৫২১ লিটার ডিজেল এবং ৫ হাজার ৪১৯ লিটার অকটেনসহ মোট প্রায় ৩৪ হাজার লিটার জ্বালানি তেল অবৈধভাবে মজুত অবস্থায় পাওয়া যায়।

অভিযোগ রয়েছে, বিপুল পরিমাণ অকটেন মজুদ থাকা সত্ত্বেও প্রতিষ্ঠানটি তেল নেই বলে বিক্রয় বন্ধ রেখেছিল।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক মো. সালেহুর রহমান জানান, অবৈধভাবে জ্বালানি তেল মজুতের দায়ে প্রতিষ্ঠানটির ম্যানেজার আবুল কাশেম বাবুল (৬০)-কে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। একই সঙ্গে প্রতিষ্ঠানটি সিলগালা করা হয়। এছাড়া আগামী ৩১ মার্চ থেকে গাজীপুর সিটি কর্পোরেশনের ৯ নম্বর ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার মাধ্যমে ফিলিং স্টেশনটির তেল বিক্রি করে প্রাপ্ত অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়