সোমবার, ৩০শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

কুয়েতের বিদ্যুৎ কেন্দ্রে ইরানের হামলায় ভারতীয় নিহত

সংবাদের আলো ডেস্ক: কুয়েতের বিদ্যুৎ, পানি ও নবায়নযোগ্য শক্তি মন্ত্রণালয় জানিয়েছে, ইরানি হামলায় একটি প্রধান বিদ্যুৎ ও পানি বিশুদ্ধকরণ কেন্দ্রের একজন ভারতীয় শ্রমিক নিহত হয়েছেন। একইসঙ্গে একটি পরিষেবা ভবন ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

সোমবার (৩০ মার্চ) ভোরে সামাজিক যোগাযোগ মাধ্যম ওয়েবসাইট এক্স-এ একটি পোস্টে এই তথ্য জানায় মন্ত্রণালয়। 

মন্ত্রণালয়ের সরকারি মুখপাত্রের জারি করা এক বিবৃতি অনুসারে, এই হামলায় কুয়েতের একটি বিদ্যুৎ ও পানি পরিশোধন কেন্দ্রের পরিষেবা ভবনকে লক্ষ্যবস্তু করা হয়েছিল, যার ফলে একজন ভারতীয় নাগরিকের মৃত্যু হয় এবং স্থাপনাটির উল্লেখযোগ্য ক্ষতি হয়।

বিবৃতিতে বলা হয়, কুয়েত রাষ্ট্রের বিরুদ্ধে ইরানের প্রতিশোধমূলক হামলার অংশ হিসেবে কুয়েত শহরের একটি বিদ্যুৎ ও পানি বিশুদ্ধকরণ কেন্দ্রের ওই পরিষেবা ভবনে হামলা চালানো হয়।

২৮ ফেব্রুয়ারি ইরানে মার্কিন-ইসরাইলি যৌথ হামলা চালানো হয়। ওই হামলায় তৎকালীন সর্বোচ্চ নেতা খামেনিসহ কয়েক’শ মানুষ নিহত হন। এরপর ইরান মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন ঘাঁটি ও ইসরাইলের অবকাঠামো লক্ষ্য করে হামলার ঘোষণা দেয়। 

ঘটনার পরবর্তী পরিস্থিতি সামাল দিতে এবং প্ল্যান্টের পরিচালন ক্ষমতা বজায় রাখতে অনুমোদিত জরুরি পরিকল্পনার অধীনে অবিলম্বে কারিগরি ও জরুরি দল মোতায়েন করা হয় বলে প্রতিবেদনে জানানো হয়।

মন্ত্রণালয় আরও জানায়, ক্ষতিগ্রস্ত এলাকাটি সুরক্ষিত করার জন্য কুয়েতের নিরাপত্তা ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে পূর্ণ সমন্বয়ের মাধ্যমে এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

এদিকে, লেবাননে জাতিসংঘের অন্তর্বর্তীকালীন বাহিনী (ইউএনআইএফআইএল) জানিয়েছে, দক্ষিণ লেবাননের আদচিত আল কুসায়রের কাছে ইউনিফিলের একটি অবস্থানে নিক্ষিপ্ত গোলার আঘাতে একজন জাতিসংঘ শান্তিরক্ষী নিহত এবং অন্যজন গুরুতরভাবে আহত হয়েছেন।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়