মধ্যপ্রাচ্যে মোতায়েন করা হচ্ছে মার্কিন বিমানবাহী রণতরী জর্জ এইচ ডব্লিউ বুশ
সংবাদের আলো ডেস্ক: মধ্যপ্রাচ্যে ইউএস সেন্ট্রাল কমান্ডের আওতায় আরও একটি বিমানবাহী রণতরি ইউএসএস জর্জ এইচ ডব্লিউ বুশ মোতায়েন করা হচ্ছে।
গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া যুদ্ধে মধ্যপ্রাচ্যে এরইমধ্যে দুটি মার্কিন বিমানবাহী রণতরী সক্রিয় রয়েছে। নতুন এই রণতরিটি আগের দুটির সঙ্গে যোগ দিতে পারে বলে জানিয়েছে ইউএস সেন্ট্রাল কমান্ড।
এদিকে, মার্কিন মিত্র দেশ ইসরায়েলে দেখা দিয়েছে নতুন এক সমস্যা। গাজা-লেবানন-ইরানে হামলা করতে করতে ক্লান্ত হয়ে পড়ছে ইসরায়েলি সামরিক বাহিনী (আইডিএফ)। সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল ইয়াল জামির বলেন, ক্রমবর্ধমান মিশন চাপ ও জনবলের ঘাটতির মুখে দেশটির সামরিক বাহিনী নিজের ভেতরেই ধসে পড়বে। জামির মন্ত্রীদের উদ্দেশে বলেন, আমি আপনাদের সামনে ১০ সতর্ক সংকেত তুলে ধরেছি।
ইসরায়েলি সেনাপ্রধানকে উদ্ধৃত করে কাতারভিত্তিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, আইডিএফের এখন একটি বাধ্যতামূলক সামরিক সেবা আইন, রিজার্ভ ডিউটি আইন এবং বাধ্যতামূলক সেবার মেয়াদ বাড়ানোর আইন প্রয়োজন। এগুলো করতে না পারলে শিগগিরই আইডিএফ নিয়মিত অভিযান পরিচালনার জন্য প্রস্তুত থাকবে না এবং রিজার্ভ ব্যবস্থাটিও টিকবে না।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।