নবীনগর প্রেসক্লাবে এমপির ঈদ শুভেচ্ছা বিনিময়
মো. কামরুল ইসলাম, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর প্রেসক্লাবে স্থানীয় সংসদ সদস্য এডভোকেট মো. আব্দুল মান্নান সাংবাদিকদের সঙ্গে ঈদত্তোর শুভেচ্ছা বিনিময় করেছেন। শুক্রবার বিকেলে প্রেসক্লাব কার্যালয়ে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ হোসেন শান্তি। এতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে এমপি আব্দুল মান্নান বলেন, সাংবাদিকতা একটি মহান পেশা এবং প্রকৃত সাংবাদিকরা সমাজের আয়না হিসেবে কাজ করেন। তারা সত্য তুলে ধরেন এবং অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার থাকেন।
তিনি বলেন, কিছু অপসাংবাদিকের কারণে এ পেশার মর্যাদা ক্ষুণ্ন হচ্ছে, যা অত্যন্ত দুঃখজনক। অপপ্রচার, মিথ্যা সংবাদ ও ব্যক্তিগত স্বার্থে সংবাদ পরিবেশন কখনোই গ্রহণযোগ্য নয়। এতে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হয় এবং পেশাদার সাংবাদিকরাও বিব্রত হন।
তিনি আরও বলেন, বস্তুনিষ্ঠ ও সত্যনিষ্ঠ সাংবাদিকতা সমাজকে সঠিক পথে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ সময় তিনি নবীনগর প্রেসক্লাবের সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের উপদেষ্টা আবু কামাল খন্দকার, সাবেক উপজেলা চেয়ারম্যান ফারুক আহমেদ ও সাবেক পৌর প্রশাসক মলাই মিয়াসহ প্রেসক্লাবের অন্যান্য সদস্যরা।
অনুষ্ঠান শেষে অতিথিরা একে অপরের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।