ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চান জামায়াত আমির
সংবাদের আলো ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও ত্রয়োদশ জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান ভারতের সঙ্গে শক্তিশালী দ্বিপাক্ষিক সম্পর্কের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেন।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) রাজধানীতে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রির সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন।
রাতে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিনের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, বাংলাদেশের নতুন সরকারের শপথগ্রহণ অনুষ্ঠানের অবকাশে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি বাংলাদেশের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
সাক্ষাৎকালে বিক্রম মিশ্রি দুই দেশের সম্পর্কের জনগণ-কেন্দ্রিক প্রকৃতির ওপর গুরুত্ব আরোপ করে ডা. শফিকুর রহমানকে তার নতুন ভূমিকার জন্য শুভেচ্ছা জানান এবং বাংলাদেশের প্রতি ভারতের দীর্ঘস্থায়ী সমর্থন পুনর্ব্যক্ত করেন।
এ সময় ডা. শফিকুর রহমান এই দুই দেশের মধ্যে বিদ্যমান গভীর সভ্যতাগত বন্ধনের ওপর গুরুত্বারোপ করেন এবং আরও শক্তিশালী,বন্ধুত্বপূর্ণ ও দ্বিপাক্ষিক সম্পর্কের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।