বিএনপির আফরোজা খানমের নির্বাচনে কোনো বাধা নেই
সংবাদের আলো ডেস্ক: মানিকগঞ্জ-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী আফরোজা খানমের প্রার্থিতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিট আবেদন কার্যতালিকা (আউট অব লিস্ট) থেকে বাদ দিয়েছেন হাইকোর্ট। এর ফলে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে তার প্রতিদ্বন্দ্বিতা করতে আর কোনো আইনি বাধা রইল না বলে জানিয়েছেন আইনজীবীরা।
রোববার (৮ ফেব্রুয়ারি) হাইকোর্ট সূত্রে এ তথ্য জানা গেছে।
গত ১৮ জানুয়ারি রাজধানীর আগারগাঁওয়ে প্রধান কার্যালয়ে শুনানি শেষে নির্বাচন কমিশন আফরোজা খানম রিতার মনোনয়ন বৈধ ঘোষণা করে।
নির্বাচন কমিশন সূত্র জানায়, শুনানিতে রিতার বিরুদ্ধে আনা ঋণখেলাপি ও বিদেশি নাগরিকত্ব সংক্রান্ত অভিযোগের পক্ষে কোনো গ্রহণযোগ্য প্রমাণ উপস্থাপন করা হয়নি। দাখিল করা নথি ও সংশ্লিষ্ট সংস্থার তথ্য খতিয়ে দেখে আপিল বিভাগ নিশ্চিত হয়, অভিযোগগুলো ভিত্তিহীন। এরপরই আপিল খারিজ করে জেলা রিটার্নিং কর্মকর্তার আগের সিদ্ধান্ত বহাল রাখা হয়।
এর আগে ৮ ডিসেম্বর মানিকগঞ্জ-৩ আসনের স্বতন্ত্র ও বিএনপির বিদ্রোহী প্রার্থী আতাউর রহমান আতা নির্বাচন কমিশনে আপিল দায়ের করে রিতার প্রার্থিতা বাতিলের জন্য আপিল করেন।
উল্লেখ্য, গত ৪ জানুয়ারি মনোনয়নপত্র, হলফনামা ও প্রয়োজনীয় কাগজপত্র যাচাই শেষে মানিকগঞ্জ জেলা রিটার্নিং কর্মকর্তা নাজমুন আরা সুলতানা আফরোজা খানম রিতাকে বৈধ প্রার্থী হিসেবে ঘোষণা করেন।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।