তারেক রহমান প্রধানমন্ত্রী হলে সাধারণ মানুষও ভাতা পাবেন: ডা. লিটন
সংবাদের আলো ডেস্ক: ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় বিএনপির সদস্য ডা. মাহবুবুর রহমান লিটন বলেছেন, আগামীতে তারেক রহমান দেশের দায়িত্ব নিলে এবং প্রধানমন্ত্রী হলে বীর মুক্তিযোদ্ধারা যেভাবে ভাতা পান, সাধারণ মানুষও বিশেষ সুবিধার আওতায় আসবে।
শনিবার (৭ ফেব্রুয়ারি) ত্রিশাল পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. লিটন বলেন, সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে বিএনপির ভবিষ্যৎ পরিকল্পনা রয়েছে। “তারেক রহমানের নেতৃত্বে জনগণের সরকার গঠিত হলে নারীদের জন্য ‘ফ্যামিলি কার্ড’ এবং কৃষকদের জন্য ‘কৃষি কার্ড’ দেওয়া হবে,” বলেন তিনি।
এলাকার উন্নয়নের জন্য ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে তারেক রহমানের হাতকে শক্তিশালী করার আহ্বান জানান বিএনপির এই প্রার্থী।
আব্দুল খালেক মাস্টারের সভাপতিত্বে এবং আ. ন. ম ফারুকের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ত্রিশাল পৌরসভার সাবেক মেয়র আমিনুল ইসলাম আমিন সরকার, পৌর বিএনপির সভাপতি আলেক চান দেওয়ান, সাবেক কাউন্সিলর এবি সিদ্দিক শাহজাহান, সাবেক কাউন্সিলর রাশেদুল হাসান বিপ্লব, সাবেক যুবদল নেতা মশিউর রহমান শরীফসহ অন্যান্য নেতাকর্মীরা।
বক্তারা আগামী নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার করেন।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।