বৃহস্পতিবার, ৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

বান্দরবানে নানা কর্মসূচির মধ্যদিয়ে মহান বিজয় দিবস উদযাপন

আব্দুল আওয়াল আলিফ, বান্দরবান জেলা প্রতিনিধি: মহান বিজয় দিবস উপলক্ষে নানা কর্মসূচির মধ্যদিয়ে বান্দরবান পার্বত্য জেলায় যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে দিবসটি উদযাপন করা হয়েছে।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে মেঘলা বান্দরবান পার্বত্য জেলা পরিষদ চত্বরে অবস্থিত মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।

এ সময় শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসক শামীম আরা রিনি, পুলিশ সুপার মোঃ আবদুর রহমান, বান্দরবান জেলা বিএনপির আহ্বায়ক সাচিং প্রু জেরি, বান্দরবান জেলা শ্রমিক দলের সহ-সভাপতি মোঃ আজম, সাধারণ সম্পাদক মোহাম্মদ মোস্তফা কামাল, জেলা, পৌরসভা ও সদর উপজেলা শ্রমিক দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দসহ সরকারি ও বেসরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা জনপ্রতিনিধি ও বীর মুক্তিযোদ্ধারা।

এরপর সকাল ৯ টায় বান্দরবান জেলা স্টেডিয়ামে জেলা প্রশাসনের আয়োজনে কুচকাওয়াজ ও শরীরচর্চা প্রদর্শনী অনুষ্ঠিত হয়। এতে পুলিশ, আনসার, ফায়ার সার্ভিস, স্কাউটসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি স্কুল-কলেজের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। কুচকাওয়াজ শেষে অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

কুচকাওয়াজে সালাম গ্রহণ করেন জেলা প্রশাসক শামীম আরা রিনি ও পুলিশ সুপার মোঃ আবদুর রহমান। এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ সাইফুল ইসলাম সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দসহ সরকারি ও বেসরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এছাড়াও মহান বিজয় দিবস উপলক্ষে বান্দরবান পার্বত্য জেলা পরিষদ ও জেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়। এসব আয়োজনের মাধ্যমে নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের চেতনা ও বিজয়ের তাৎপর্য তুলে ধরা হয়।

সার্বিকভাবে মহান বিজয় দিবস উপলক্ষে বান্দরবানে ছিল শ্রদ্ধা, গৌরব ও উৎসবের আবহ, যা পুরো জেলাজুড়ে এক অনন্য উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়