বিজয় দিবস উপলক্ষ্যে নেত্রকোনায় বিজয় সাইকেল র্যালী
নেত্রকোনা প্রতিনিধি: বিজয় দিবস উপলক্ষ্যে নেত্রকোনায় বর্ণাঢ্য বিজয় সাইকেল র্যালীর আয়োজন করেছে ক্লিন আপ বাংলাদেশ নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন। পরিচ্ছন্নতার বার্তা নিয়ে আয়োজিত এই র্যালীতে অংশ নেয় শতাধিক সাইক্লিস্ট।
“সাইকেলে চলি, সবুজের কথা বলি” এই স্লোগানে সকাল ১১টায় মোক্তারপাড়া মাঠ থেকে সাইকেল র্যালীটির উদ্বোধন করেন পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম।
র্যালীটি মোক্তারপাড়া মাঠ থেকে শুরু হয়ে আনন্দ বাজার, সাতপাই নদীর পাড়, কালীবাড়ি, তেরী বাজার ও ছোট বাজার প্রদক্ষিণ করে আবার মোক্তারপাড়া মাঠে এসে শেষ হয়। র্যালী শুরুর আগে অংশগ্রহণকারীরা তাদের সাইকেল নিয়ে বিভিন্ন শারীরিক কসরত প্রদর্শন করেন, যা দর্শকদের বাড়তি আকর্ষণ সৃষ্টি করে।
পরিচ্ছন্নতার বাণী নিয়ে আয়োজিত এই সাইকেল র্যালীতে মোট ১১০ জন সাইক্লিস্ট অংশগ্রহণ করেন। যদিও অনলাইন রেজিস্ট্রেশনের মাধ্যমে আগে থেকেই ১৫০ জন নিবন্ধন করেছিলেন।
আয়োজকদের আশা, এ ধরনের আয়োজন নতুন প্রজন্মকে বিজয়ের চেতনায় উদ্বুদ্ধ করার পাশাপাশি পরিচ্ছন্ন নগর গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিজয় দিবসকে কেন্দ্র করে এমন ব্যতিক্রমী আয়োজন শহরবাসীর মাঝে নতুন উদ্দীপনা তৈরি করেছে।
ক্লিন আপের সদস্য হিরন মিয়া বলেন, বিজয় মানেই হচ্ছে মুক্তি। শাসন থেকে মুক্তি, শোষণ থেকে মুক্তি, দুর্নীতি থেকে মুক্তি, নোংরা মানসিকতা থেকে মুক্তি। মুক্ত আমরা অনেক আগেই হয়েছি, কিন্তু আমরা আজও দুর্নীতি থেকে মুক্ত হতে পারিনি। নোংরা মানসিকতা থেকে মুক্ত হতে পারিনি। সেই নোংরা মন-মানসিকতা থেকে মুক্তির জন্য, পরিচ্ছন্ন মানসিকতা গড়ার জন্য ,পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ার জন্য আমাদের আজকের এই বিজয় দিবস সাইকেল র্যালী।
নেত্রকোণা পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম বলেন, আজকে বিজয় দিবসে যে সাইকেল র্যালীটি হয়েছে সেটি একটি ভালো উদ্যোগ। আমরা চাই, যে যুবসমাজ জেগে উঠেছে, এই চেতনাটায় আরো যেসব নবীন যুবক-তরুণ রয়েছেন তাদের মধ্যে ছড়িয়ে পড়ুক ২৪ এর জুলাই-আগস্ট এর চেতনা। এই চেতনাটা সবাই ধারণ করুক এবং এই চেতনা কে সামনে নিয়ে সামনের ভবিষ্যৎ উজ্জ্বল সুন্দর এবং বাংলাদেশ সমৃদ্ধির দিকে এগিয়ে যাক এই কামনা করি।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।