চাটমোহরে ট্রেন দুর্ঘটনায় যুবকের মর্মান্তিক মৃত্যু
সঞ্জিত চক্রবর্তী, পাবনা প্রতিনিধি: পাবনার চাটমোহরে ট্রেনের ধাক্কায় হাফিজুল প্রাং (৩০) নামে এক যুবকের করুণ মৃত্যু হয়েছে। শুক্রবার (২১ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার গুয়াখড়া ডাঙ্গা বিল এলাকায় রেললাইন সংলগ্ন ব্রিজের পাশে এ দুর্ঘটনা ঘটে। নিহত হাফিজুল ভাঙ্গুড়া মসজিদ পাড়ার মোঃ সাবের প্রাং-এর ছেলে। ঘটনার প্রত্যক্ষদর্শী মো. আমিরুল ইসলাম জানান, সকাল প্রায় ৮টা ৪৫ মিনিটের দিকে তিনি রেললাইনের পাশে একজন মানুষকে পড়ে থাকতে দেখে তাৎক্ষণিকভাবে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করেন।
খবর পেয়ে চাটমোহর থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। তখনও হাফিজুল জীবিত ছিলেন। উদ্ধার করে চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়। এ বিষয়ে চাটমোহর অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) মো. আবু বক্কর সিদ্দিক বলেন, “ঘটনার খবর পাওয়ার পরপরই সিরাজগঞ্জ জিআরপি পুলিশের সঙ্গে যোগাযোগ করা হয়েছে।
তারা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়ায় রয়েছে।” সিরাজগঞ্জ রেলওয়ে থানার অফিসার ইনচার্জ মো. দুলাল উদ্দিন জানান, “আমরা ইতোমধ্যে চাটমোহরে পুলিশ ফোর্স পাঠিয়েছি। তদন্ত শেষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।” দুর্ঘটনাটি তদন্তে পুলিশ ও রেলওয়ে কর্তৃপক্ষ কাজ করছে।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।