কুড়িগ্রামে মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত
মো: দুর্জয় হাসান, কুড়িগ্রাম প্রতিনিধি: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, কুড়িগ্রাম এর আয়োজনে মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্ট-২০২৫–এর ফাইনাল খেলা সোমবার বিকাল ৩টায় কুড়িগ্রাম জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়। “মাদককে না বলুন, খেলাধুলাকে হ্যাঁ বলুন”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজন করা হয় টুর্নামেন্টটি।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব সিফাত মেহনাজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ মাসুদ রানা, অতিরিক্ত পুলিশ সুপার, কুড়িগ্রাম। এছাড়াও উপস্থিত ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, কুড়িগ্রাম কার্যালয়ের সহকারী পরিচালকসহ অন্যান্য কর্মকর্তা, অতিথিবৃন্দ এবং স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বিভাগীয় কার্যালয় রংপুর-এর অতিরিক্ত পরিচালক (ভারপ্রাপ্ত) জনাব মোঃ মাসুদ হোসেন। টুর্নামেন্টের ফাইনাল খেলায় গ্রীণ ভিলেজ স্পোর্টিং ক্লাব, রাজারহাট চ্যাম্পিয়ন এবং রশিদ মন্ডল স্পোর্টস ক্লাব, নাগেশ্বরী রানার্স আপ হওয়ার গৌরব অর্জন করে। পরে বিজয়ী ও রানার্স আপ দলের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
অতিথিরা বলেন, খেলাধুলা তরুণ সমাজকে সুশৃঙ্খল ও স্বাস্থ্যকর জীবনের দিকে পরিচালিত করে। যুব সমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে নিয়মিত খেলাধুলার কোনো বিকল্প নেই। অনুষ্ঠানে সবাই মাদকবিরোধী শপথ গ্রহণ করেন এবং তরুণদের খেলাধুলায় আরও বেশি সম্পৃক্ত করার আহ্বান জানান।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।