শেরপুরে কৃষি অফিসারকে মারধরের ঘটনায় আসামীদের দ্রুত গ্রেফতারের দাবীতে জেলায় কলমবিরতি পালন
শেরপুর প্রতিনিধি: শেরপুরের নকলায় কৃষি অফিসারকে মারধরের ঘটনায় আসামীদের দ্রুত গ্রেফতারের দাবীতে টানা ৩ দিনের কর্মসূচীর ১ম দিনে জেলায় কলমবিরতি পালন করছে জেলা কৃষি কর্মকর্তারা। আজ মঙ্গলবার সকাল ১১ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত জেলা শহরের উপপরিচালকের কার্যালয়ের সামনে ঘন্টাব্যাপী ওই কলমবিরতি অনুষ্ঠিত হয়।
জেলা কৃষি বিভাগ জানায়, ঘটনার ৬ দিন অতিবাহিত হলেও এখনো অভিযুক্ত ছাত্রদল নেতা রাহাত হাসান কাইয়ুম গ্রেফতার হয়নি। তাই এঘটনায় অনেক কৃষি কর্মকর্তারা মাঠ পর্যায়ে কাজ করতে শংকায় রয়েছেন। ইতিমধ্যে আসামীদের দ্রুত গ্রেফতারের দাবীতে ময়মনসিংহ কৃষি বিভাগ থেকে বিভাগীয় কমিশনার এবং রেঞ্জ ডিআইজি বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে। পাশাপাশি আজ কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে কলম বিরতি পালন করা হচ্ছে। এই কর্মসূচী বাংলাদেশের প্রতিটি জেলা এবং উপজেলাতে একযোগে পালিত হচ্ছে।
এছাড়া আগামী ১২ নভেম্বর অবস্থান কর্মসূচী এবং ১৩ নভেম্বর মানববন্ধন অনুষ্ঠিত হবে। উল্লেখ্যে গত ৫ নভেম্বর শেরপুরের নকলা উপজেলায় সরকারি কৃষি প্রণোদনা দিতে রাজি না হওয়ায় উপজেলা কৃষি কর্মকর্তা শাহারিয়ার মুরসালিনকে মারধরের অভিযোগ উঠেছে উপজেলা ছাত্রদলের সদস্যসচিব রাহাত হাসান কাইয়ুম (৩৫) ও তার সহযোগী ফজলুর (৩২) বিরুদ্ধে।
ঘটনার পর ওইদিন রাতেই নকলা থানায় একটি নিয়মিত মামলা দায়ের করে কৃষি অফিসার মোরসালিন মেহেদী এবং মামলায় ছাত্রদল নেতা রাহাত হাসান কাইয়ুম ও ফজলুকে আসামি করা হয়। পরদিন ৬ নভেম্বর দুপুরে অভিযোগ প্রমানিত হওয়ায় ঘটনার পরদিন কাইয়ুমকে বহিষ্কার করে কেন্দ্রীয় ছাত্রদল। দাবী আদায় না হলে আগামী দিনে আরো বৃহৎ কর্মসূচী আসতে পারে বলে জানিয়েছেন কৃষি কর্মকর্তারা।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।