সরিষাবাড়ীতে অনুমোদনহীন ভবন নির্মাণের অভিযোগে ২০ হাজার টাকা জরিমানা
জামালপুর প্রতিনিধি: জামালপুরের সরিষাবাড়ী পৌর এলাকার অনুমোদন ছাড়া ভবন নির্মাণের অপরাধে এক মালিককে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। রবিবার ( ২ নভেম্বর) দুপুরে এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক লিজা রিছিল।
ভ্রাম্যমান আদালত সুত্রে জানা গেছে, সরিষাবাড়ী পৌরসভার মুক্তিযোদ্ধা সংসদ মোড এলাকায় স্থানীয় বাসিন্দা লক্ষী চান চৌধুরী ও তার ছেলেরা পৌর কর্তৃপক্ষের অনুমোদন ছাড়া ভবন নির্মাণ করছিল। এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে আজ রবিবার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক লিজা রিছিল ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।
এসময় ভবন নির্মাণের মালিককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।পরে তারা জরিমানার টাকা আদায় করেছেন। উল্লেখ যে, গত শুক্রবার আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে রাষ্ট্রীয় জমিতে অবৈধভাবে ভবন নির্মাণ করার অভিযোগে স্থানীয় কয়েকজন সাংবাদিক ঘটনাস্থলে যায় তথ্য সংগ্রহ করতে। সাংবাদিক পরিচয় পেয়ে সঞ্জয় চৌধুরী ও হৃদয় চৌধুরী ক্ষিপ্ত হয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে।
একপর্যায়ে সাংবাদিকদের ওপর হামলা চালায়। এ ঘটনায় কালবেলা পত্রিকার সাংবাদিক ইসলাম হোসেন ও দৈনিক ঘোষণা পত্রিকার সাংবাদিক তৌকির আহমেদ হাসু গুরুতর আহত হয়। পরে দুই সাংবাদিককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এ ঘটনায় দৈনিক কালবেলা পত্রিকার উপজেলার প্রতিনিধি মোঃ ইসমাইল হোসেন বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
এছাড়া গতকাল শনিবার সন্ধায় সাবেক মেয়র এ কে এম ফয়জুল কবীর তালুকদার শাহীন আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে কেনো কাজ করা হচ্ছে বিষয়টি জানতে গেলে তার সাথে ঔদ্ধত্য আচরণ করে। পর পর দুইটি ঘটনায় বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রচার হলে নড়েচড়ে বসে প্রশাসন। আজ দুপুরে ভ্রাম্যমান আদালত বসিয়ে তাদের ২০ হাজার টাকা জরিমানাসহ নির্মাণ কাজ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট লিজা রিছিল বলেন, পৌর কর্তৃপক্ষের অনুমোদন ছাড়া ভবন নির্মাণের অভিযোগে ২০ হাজার টাকা জরিমানা করা হয় এবং নির্মাণ কাজ বন্ধ রাখার নির্দেশ প্রদান করা হয়েছে।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।