চাটমোহরে নিয়মিত অবৈধ সোঁতি জাল উচ্ছেদ অভিযান
সঞ্জিত চক্রবর্তী, পাবনা প্রতিনিধি: চাটমোহর উপজেলার ডিকসি বিলে পানি প্রবাহে বাধা সৃষ্টি করে অবৈধভাবে স্থাপিত সোঁতি জাল অপসারণে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। ১ নভেম্বর শনিবার সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত চলা এ অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুসা নাসের চৌধুরী। অভিযানে বিলের বিভিন্ন স্থানে স্থাপিত অবৈধ সোঁতি জাল উচ্ছেদ ও পুড়িয়ে ধ্বংস করা হয়।
এর আগেও মৎস্য অধিদপ্তর চাটমোহরে বিভিন্ন জায়গায় সোঁতি জাল উচ্ছেদ অভিযান চালায়। এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুল মতিন, পার্শ্বডাঙ্গা ও মুলগ্রাম ইউনিয়ন পরিষদের প্রশাসক ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ সোহেল রানা, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ আহসান হাবিব, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এবং আনসার বাহিনীর সদস্যবৃন্দ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মুসা নাসের চৌধুরী বলেন, “অবৈধ সোঁতি জাল দিয়ে মাছ ধরা একদিকে যেমন পরিবেশ ও জীববৈচিত্র্যের ক্ষতি করে, অন্যদিকে পানি প্রবাহে বাধা সৃষ্টি করে কৃষি জমিরও ক্ষতি হয়। এ ধরনের অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
” স্থানীয়রা প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, ডিকসি বিলসহ উপজেলার অন্যান্য জলাশয়ে এমন অভিযান নিয়মিত হলে জলজ সম্পদ সংরক্ষিত থাকবে এবং মাছের প্রজনন ক্ষেত্র রক্ষা পাবে।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।