মাতৃভূমিতে ফেরার নতুন আশায় বুক বাঁধছেন রোহিঙ্গারা

সংবাদের আলো ডেস্ক: গণহত্যার দায়ে মিয়ানমারের জান্তা প্রধানের বিচার চান বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গারা। ন্যায়বিচার নিশ্চিত হলে প্রত্যাবাসন প্রক্রিয়ায় গতি আসবে বলে আশা তাদের। জান্তা প্রধানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার জন্য আবেদন করায় আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) প্রধান কৌঁসুলির প্রতি কৃতজ্ঞতারও শেষ নেই রোহিঙ্গাদের।অসংখ্য মানুষের অজানা পথ পাড়ি দেয়ার হৃদয়স্পর্শী এই মুহূর্তগুলো এখন রূপ নিয়েছে কষ্টের জীবনে। পরিণত হয়েছে দীর্ঘশ্বাসে। আশ্রয় শিবিরের কষ্টকর জীবনযাত্রায় লাখ লাখ রোহিঙ্গার দিন কাটছে ছন্দহীনভাবে। নিজ বাসভূমিতে স্বাভাবিক জীবনে ফেরার স্বপ্নও হচ্ছে দীর্ঘায়িত।অথচ বছর সাতেক আগে, প্রাণে বাঁচতে জন্মভূমির মায়া ছেড়ে নাফ নদীর এপার ওপারের কাদামাটি মাড়িয়ে রোহিঙ্গাদের এক অনিশ্চিত যাত্রায় হতবাক হয় বিশ্ব।
আরাকান রোহিঙ্গা সোসাইটি ফর পিস অ্যান্ড হিউম্যান রাইটসের চেয়ারম্যান মোহাম্মদ জোবায়ের বলেন, ‘মিয়ানমারের জান্তা প্রধান ও বর্তমান প্রেসিডেন্ট মিং অং হল্যারইংর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার জন্য আদালতে আবেদন জানিয়েছেন, এর জন্য আইসিসির প্রধান কৌঁসুলি করিম খানকে শুকরিয়া জানাচ্ছি। যে নিরীহ লোকজনকে হত্যা করছে, তাকে গ্রেফতার করে আদালতের মুখোমুখি করানো গেলে পুরো মিয়ানমারের জনগণ শান্তি পাবে। এই সফলতার জন্য পুরো বিশ্ব একসঙ্গে সহযোগিতা করবে বলে আশা করছি।’জোবায়ের আরও বলেন, ‘মিং অং হল্যাইং যতবড় গাদ্দারি করুক না কেন, তিনি পৃথিবীর বাইরের কেউ নন। আন্তর্জাতিক সম্প্রদায়ের সবাই একে অপরকে সহযোগিতা করলে তার বিরুদ্ধে দ্রুত গ্রেফতারি পরোয়ানাও বের হবে এবং গ্রেফতার করে আদালতের মুখোমুখিও করা সম্ভব।’



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।