জলবায়ুর বিপর্যয় মোকাবিলায় বনায়নের বিকল্প নেই: পরিবেশ প্রতিমন্ত্রী
সংবাদের আলো ডেস্ক: জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় ব্যাপকভাবে বনায়ন ও বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম।
তিনি বলেন, জলবায়ুর বিপর্যয় মোকাবিলায় বনায়নের বিকল্প নেই। পরিবেশের ভারসাম্য রক্ষা, প্রাকৃতিক দুর্যোগের ক্ষতি কমানো এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে আমাদের বেশি বেশি গাছ লাগাতে হবে।
রবিবার (৬ সেপ্টেম্বর) দুপুরে মুন্সিগঞ্জের গজারিয়া সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে রেনেসাঁ ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে বৃক্ষ বিতরণ ও বৃক্ষরোপণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, শুধু বৃক্ষরোপণ করলেই হবে না, রোপণ করা গাছের পরিচর্যা ও সংরক্ষণও নিশ্চিত করতে হবে। শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা তৈরি হলে তারা নিজেরা গাছ লাগানোর পাশাপাশি পরিবার ও সমাজের অন্যদেরও বৃক্ষরোপণে উৎসাহিত করবে। একটি সবুজ ও পরিবেশবান্ধব বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন মুন্সিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান রতন। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন রেনেসাঁ ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের চেয়ারম্যান ড. আতাউর রহমান।
মুন্সিগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মো. মেনহাজুল আলম, গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাফসা নাদিয়া এবং গজারিয়া সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জেসমিন সুলতানা।
এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটি সদস্য প্রফেসর গিয়াসউদ্দিন, ইসহাক আলী, জেলা যুবদলের সদস্যসচিব মোজাম্মেল হক মুন্না সহ স্হানীয় বিএনপির নেতাকর্মীরা।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রেনেসাঁ ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের মহাসচিব মুক্তার হোসেন ভূঁঞা।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।