নাৎসি বাহিনী জার্মানি ফিরতে পারেনি, ফ্যাসিস্টরাও পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
সংবাদের আলো ডেস্ক: জার্মানিতে নাৎসিরা যেমন ফিরতে পারেনি, রাজনীতি করতে পারেনি, তেমনি গণ-অভ্যুত্থানে পালিয়ে যাওয়া ফ্যাসিস্ট আওয়ামী শক্তিও বাংলাদেশে আর কখনো ফিরে আসতে পারবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বুধবার (১১ নভেম্বর) জাতীয় সংসদে ৩০০ বিধিতে দেওয়া এক বিবৃতিতে এ কথা বলেন তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বাংলাদেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির সুযোগ বিভিন্ন রকমের—সীমান্তের ওপার থেকে কর্মসূচি দিয়ে কখনো তারা বিক্ষোভ বলতে পারে, কখনো তারা হরতাল বলতে পারে, কখনো ভিন্ন নাম বলতে পারে—উদ্দেশ্য একটাই, তারা যেন এখানে অস্থিরতা সৃষ্টি করতে পারে। সেটা যাতে আমরা সম্মিলিতভাবে, ঐক্যবদ্ধভাবে রুখে দিতে পারি, সে জন্য জাতীয় ঐক্য প্রয়োজন। যে ঐক্যটা গঠিত হয়েছিল ফ্যাসিবাদবিরোধী গণতান্ত্রিক আন্দোলনে, সেই ঐক্য আমাদের দরকার।
পতিত ফ্যাসিবাদী গোষ্ঠীকে রুখতে গেলে, সমূলে উৎপাটন করতে গেলে এবং তাদের যেকোনো রকমের কর্মসূচিকে এখানে বাস্তবায়ন করতে না দেওয়ার জন্য, যেকোনো ষড়যন্ত্র নস্যাৎ করার জন্য সর্বাগ্রে প্রয়োজন জাতীয় ঐক্য। সে জন্য আমি আশা করব—আমরা সরকারি দল, বিরোধী দলসহ সব দল সংসদের ভেতরে, বাইরে সবাই ঐক্যবদ্ধভাবে একটা বিষয়ে আমরা ঐক্যবদ্ধ থাকি।’
২০০৪ সালে হোটেল শেরাটনের সামনে বাসে গানপাউডার দিয়ে আগুনের ঘটনা তুলে ধরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এই অগ্নিসংযোগ আওয়ামী লীগের পুরোনো রাজনৈতিক অপসংস্কৃতি এবং ইতিহাসের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। সীমান্তের ওপার থেকে বারবার অডিও কলে পলাতক ফ্যাসিস্ট নেত্রী তার নেতাদের জুলাই আন্দোলনকারীদের তালিকা করা, তাদের ঘরবাড়ি ভেঙে দেওয়ার নির্দেশ দিচ্ছেন। জুলাই যোদ্ধাদের চরম শিক্ষা দেওয়ার হুমকিও দিচ্ছেন।
সালাহউদ্দিন আহমদ বলেন, ‘কিন্তু সেই সুযোগ হয়তো মহান রব্বুল আলামিন তাঁকে আর কখনোই দেবে না। কেননা তারা যেভাবে পুরো একটি দল পালিয়ে গেছে, বিশ্বের ইতিহাসে কেবল হিটলারের নাৎসি বাহিনীর জার্মানি থেকে পালিয়ে যাওয়ার সাথে এর উদাহরণ দেওয়া যায়, মিলে যায়। নাৎসিরা যেমন জার্মানিতে ফিরতে পারেনি, রাজনীতি করতে পারেনি; তেমনি গণ–অভ্যুত্থানে পালিয়ে যাওয়া ফ্যাসিস্ট আওয়ামী শক্তি বাংলাদেশে আর কখনো ফিরে আসতে পারবে না।’
নিরাপদ বাংলাদেশ ও আইনের প্রয়োগ প্রসঙ্গে তিনি বলেন, আমাদের নির্বাচনি ইশতেহারে আমরা প্রতিশ্রুতি দিয়েছি- আমরা বাংলাদেশের মানবাধিকার আইন, আন্তর্জাতিক মানবাধিকার আইনের প্রতি সম্পূর্ণ শ্রদ্ধাশীল থেকে দেশ পরিচালনা করবো। আমাদের নেতা (বর্তমান প্রধানমন্ত্রী) দেশে ফিরে প্রথম ভাষণে বলেছিলেন তিনি একটি নিরাপদ বাংলাদেশ প্রতিষ্ঠা করবেন। যেমন নিরাপদ একজন মা তার সন্তানের জন্য কামনা করেন, ভাই তার বোনের জন্য কামনা করেন, স্ত্রী তার স্বামীর জন্য কামনা করেন। আমরা সেই নিরাপদ বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে কখনোই আইন-শৃঙ্খলা বাহিনীকে পেটুয়া বাহিনীতে পরিণত করতে চাইনি, করবোও না।
তিনি আরও বলেন, তবে প্রয়োজনে সরকার পরিস্থিতি অনুযায়ী আইনানুগ কঠোর ব্যবস্থা গ্রহণে দ্বিধা করবে না। বিগত ফ্যাসিস্ট আমলে সংঘটিত সব বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, গুম, খুন, অপহরণসহ গায়েবি মামলা এবং জুলাই আন্দোলনে সংঘটিত হত্যাকাণ্ডের মতো মানবতাবিরোধী অপরাধের বিচারের অঙ্গীকার পূরণের অংশ হিসেবে মানবতাবিরোধী অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত চলমান রয়েছে।


সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।