কামারখন্দে অবৈধভাবে সার মজুদের দায়ে জামায়াতের নায়েবে আমিরকে জরিমানা
খাইরুল ইসলাম, কামারখন্দ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের কামারখন্দে বিনির্দেশ বহির্ভূতভাবে সার গুদামজাত করার অভিযোগে উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর-২ মো. মনিরুল ইসলামকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে গুদামে মজুদ করা ১৮ বস্তা ইউরিয়া সার জব্দ করেছে উপজেলা প্রশাসন।
বৃহস্পতিবার (১ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার ভদ্রঘাট ইউনিয়নের ছোট ধোপাকান্দি গ্রামে মনিরুল ইসলামের সার গুদামে এ অভিযান পরিচালনা করা হয়।
মনিরুল ইসলাম (৪৫) ওই গ্রামের আব্দুর রশিদের ছেলে। তিনি কামারখন্দ উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর-২ হিসেবে দায়িত্বে রয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, ওই রাতে একটি অটোরিকশায় করে প্রায় ২০-২৫ বস্তা সার গুদামে নেওয়া হচ্ছিল। বিষয়টি স্থানীয় লোকজনের নজরে এলে তারা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করেন। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুল্লা আল মামুন ঘটনাস্থলে যান।
এ সময় তার সঙ্গে উপজেলা কৃষি কর্মকর্তা মো. ফরিদ হোসাইন, কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাশমত আলীসহ পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
পরে ঘটনার বিস্তারিত পর্যালোচনা করে সার ব্যবস্থাপনা আইন, ২০০৬-এর ১২ ধারা অনুযায়ী বিনির্দেশ বহির্ভূতভাবে সার গুদামজাত করার অপরাধে মনিরুল ইসলামকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে গুদামে মজুদ করা ১৮ বস্তা ইউরিয়া সার সরকারের অনুকূলে জব্দ করা হয়।
কামারখন্দ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লা আল মামুন সাংবাদিক কে বলেন, নিয়ম বহির্ভূতভাবে সার গুদামজাত করার অপরাধে অভিযুক্তকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে ১৮ বস্তা ইউরিয়া সার জব্দ করা হয়েছে।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।