,

শিরোনাম

জামায়াত যা পারেনি, বিএনপি তা পেরেছে: অ্যাটর্নি জেনারেল

সংবাদের আলো ডেস্ক: বিরোধী দল হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামী যা পারেনি, বিএনপির দলীয় প্রধান তা পেরেছেন বলে মন্তব্য করেছেন রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল।

আজ বৃহস্পতিবার (১ অক্টোবর) বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে নিজ কার্যালয়ে তিনি এসব কথা বলেন।

অ্যাটর্নি জেনারেল বলেন, জামায়াত নেতা ও সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার করা হলেও তিনি পদত্যাগ করেননি। তিনি দলের বিপক্ষে ভোটও দেননি। বিপরীতে বিএনপির দলীয় প্রধান ও প্রধানমন্ত্রী তারেক রহমান তার দলের একজন সংসদ সদস্যকে পদত্যাগ করতে বলেছেন এবং তিনি পদত্যাগ করেছেন।

তিনি বলেন, ‘জামায়াত যতই মুখে বলুক না কেন, তারা একজন সংসদ সদস্যের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করলেও তিনি কিন্তু সংসদ থেকেই যাচ্ছেন। কিন্তু বিপরীতে তারেক রহমান যে অবস্থান নিয়েছেন, তাতে একজন এমপি পদ হারালেন। এটি একটি বিরাট ব্যাপার।’

অ্যাটর্নি জেনারেল বলেন, সরকারপ্রধান হিসেবে প্রধানমন্ত্রী এভাবেই বিষয়টি মোকাবিলা করেছেন। ক্ষমতাসীন দলের সঙ্গে থাকার পরও ফেরদৌসী আহমেদ মিষ্টির প্রতি কোনো ধরনের শৈথিল্য দেখানো হয়নি।

তিনি আরও বলেন, ‘নতুন যে বাংলাদেশের স্বপ্ন আমরা দেখি, রাষ্ট্রক্ষমতার দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের বিরুদ্ধে সবসময় একটি অভিযোগ থাকে—তারা যেকোনো অপরাধকে ঢাকার চেষ্টা করেন। অপরাধী নিজ দলের লোকজনের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করেন না কিংবা তাদের একরকম প্রশ্রয় দেওয়ার চেষ্টা করেন। আজকের এই ঘটনা প্রমাণ পেল যে উনি (তারেক রহমান) কাউকে আসলে এ ধরনের কোনো প্রশ্রয় দিতে চান না—কাজের মাধ্যমে তা প্রমাণ করলেন।’

রাজনৈতিক শৃঙ্খলার প্রয়োজনীয়তার কথা তুলে ধরে অ্যাটর্নি জেনারেল বলেন, ‘একটা শৃঙ্খলা দরকার। এই শৃঙ্খলা, রাজনৈতিক শৃঙ্খলা ছাড়া একটা দেশের মধ্যে কোনো শৃঙ্খলা আসবে না। আপনি যত ভালো কাজই করেন না কেন, আপনার অনেক ভালো কাজ কোনো একটা খারাপ কাজ দ্বারা ক্ষতিগ্রস্ত হতে পারে। টোটাল আপনার অর্জনটাকে ম্লান করে দিতে পারে।’

তিনি বলেন, ‘আমার ধারণা, তারেক রহমান চান না যে তার এত অর্জনের মধ্যে কেউ কোনো কিছু ম্লান করার সুযোগ পাক। ইটস এ ভেরি ক্লিয়ার মেসেজ।’

অ্যাটর্নি জেনারেল আরও বলেন, ‘বাংলাদেশের প্রত্যেকটা—শুধু তার দলের নেতাকর্মী না, প্রত্যেকটা নাগরিকের জন্য এটা একটা মেসেজ যে, কোনো কারণে রাষ্ট্রের ক্ষতি করলে বা কোনো ব্যবস্থাপনায় কারও বিরুদ্ধে প্রাথমিক সত্যতা পাওয়া গেলেও তিনি যেকোনো এ ধরনের বড় ধরনের সিদ্ধান্তের মুখোমুখি হতে পারেন। এই বার্তাটাই সবচেয়ে বড় বার্তা।’

রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি স্বাস্থ্যকেন্দ্রে হামলা, লুটপাট ও ভাঙচুরের ঘটনায় বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টিকে পদত্যাগের নির্দেশ দেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এরপর তিনি স্পিকারের কাছে নিজের পদত্যাগপত্র জমা দেন। এরইমধ্যে ওই আসন শূন্য ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়