দুর্গাপুরে রুসার আয়োজনে শিক্ষার্থীদের নিয়ে সচেতনামূলক মাদকবিরোধী সমাবেশ
রাজেশ গৌড়,দুর্গাপুর(নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনার দুর্গাপুরে শিক্ষক -শিক্ষার্থী অভিভাবক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে সচেতনামূলক মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে দ্বীনি আলিম মাদ্রাসা হলরুমে রুসার আয়োজনে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহযোগিতায় এ সমাবেশ হয়৷
তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতন করে তোলা এবং মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে এ আয়োজন করা হয়।সমাবেশে রুসার নির্বাহী পরিচালক এম এন আলমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে রাখেন দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার শাকের আহমেদ। প্রধান বক্তা ছিলেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. নাজমুল হক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. বজলুর রহমান আনছারী। বিশেষ আলোচক ছিলেন দ্বীনি আলিম মাদ্রাসার অধ্যক্ষ আব্দুর রহমান।
বক্তারা বলেন, মাদক একটি সামাজিক ব্যাধি। এর কারণে ব্যক্তি, পরিবার ও সমাজ মারাত্মক ক্ষতির মুখে পড়ে। বিশেষ করে তরুণ সমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করতে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন এবং প্রশাসনকে সমন্বিতভাবে কাজ করতে হবে। তারা শিক্ষার্থীদের সচেতনতা বৃদ্ধির পাশাপাশি মাদকবিরোধী আন্দোলনে সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।