,

শিরোনাম

কালীগঞ্জে টেকসই ও সবুজ শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলতে কর্মশালা অনুষ্ঠিত

পঙ্কজ সরকার নয়ন, কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি:

গাজীপুরের কালীগঞ্জে প্রাথমিক বিদ্যালয়গুলোকে আরও সবুজ, নিরাপদ ও টেকসই শিক্ষা প্রতিষ্ঠানে রূপান্তরের লক্ষ্যে “সাসটেইনেবল ক্যাম্পাস ইনিশিয়েটিভ (এসসিআই)” শীর্ষক দিনব্যাপী এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৫ জুন) উপজেলার নাগরী এলাকার মেঘবাড়ী রিসোর্টে উপজেলা প্রশাসন, কালীগঞ্জের উদ্যোগে আয়োজিত এ কর্মশালার প্রতিপাদ্য ছিল— “Building Green, Safe and Sustainable Primary Schools” ।

কর্মশালায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ.টি.এম কামরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক ড. শেখ তাহমিনা আওয়াল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জেসমিন আক্তার।

দিনব্যাপী কর্মশালায় টেকসই শিক্ষা অবকাঠামো, সবুজ বিদ্যালয় কার্যক্রম, নিরাপদ ও অন্তর্ভুক্তিমূলক শিক্ষার পরিবেশ নিশ্চিতকরণ, প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা প্রণয়ন বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি অংশগ্রহণকারী প্রধান শিক্ষক ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিভিন্ন দলে বিভক্ত করে মতবিনিময় ও উপস্থাপনার আয়োজন করা হয়।

আয়োজকরা জানান, প্রাথমিক বিদ্যালয়গুলোকে পরিবেশবান্ধব, শিক্ষার্থী-কেন্দ্রিক ও নিরাপদ প্রতিষ্ঠানে পরিণত করতে প্রয়োজনীয় জ্ঞান, দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিই ছিল কর্মশালার মূল লক্ষ্য। এ সময় অংশগ্রহণকারীরা নিজ নিজ বিদ্যালয়ে বাস্তবায়নযোগ্য বিভিন্ন উদ্যোগ ও অভিজ্ঞতা তুলে ধরেন।

কর্মশালায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং গণমাধ্যমকর্মীরা অংশ নেন। অনুষ্ঠানের একটি গুরুত্বপূর্ণ পর্বে বিভিন্ন বিষয়ভিত্তিক প্রেজেন্টেশন উপস্থাপন করা হয়।

পরে পাঁচটি পৃথক ক্যাটাগরিতে নির্বাচিত বিজয়ী প্রধান শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে সনদপত্র ও ক্রেস্ট বিতরণ করা হয়।

বক্তারা বলেন, এ ধরনের উদ্যোগ বিদ্যালয়গুলোতে পরিবেশ সচেতনতা বৃদ্ধি, শিক্ষার মানোন্নয়ন এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অংশগ্রহণকারীরাও কর্মশালার আয়োজনকে সময়োপযোগী উল্লেখ করে ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম আরও বিস্তৃত পরিসরে অব্যাহত রাখার আহ্বান জানান।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়