আলোচনা শেষে সুইজারল্যান্ড ছাড়লেন ইরানের প্রতিনিধিদল
সংবাদের আলো ডেস্ক: সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের সঙ্গে আলোচনা শেষ করে ইরানের শীর্ষ পর্যায়ের আলোচকরা দেশে ফিরছেন।
সোমবার (২২ জুন) দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, প্রতিনিধি দলের সদস্যরা বৈঠক শেষে নিজ দেশের উদ্দেশে রওনা হয়েছেন।
ইরানের প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন দেশটির পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। প্রতিনিধি দলের অন্যান্য সদস্যরা হলেন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি, কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আবদোলনাসের হেম্মাতি, উপ-তেলমন্ত্রী হামিদ বুর্দ এবং অভিজ্ঞ পারমাণবিক আলোচক আলি বাকরি।
ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইএসএনএ এবং তাসনিমের বরাতে আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের শীর্ষ প্রতিনিধিদল সুইজারল্যান্ড ত্যাগ করলেও কৌশলগত পর্যায়ের আলোচনা এখনও শেষ হয়নি।
উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাবাদির নেতৃত্বে একটি বিশেষ দল সুইজারল্যান্ডে অবস্থান করছে। তারা সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে আরও বিস্তারিত আলোচনা চালিয়ে যাবে। প্রতিবেদন অনুযায়ী, এই দলটি ইসলামাবাদ সমঝোতা স্মারক বাস্তবায়ন এবং সংশ্লিষ্ট কৌশলগত বিষয়গুলো নিয়ে কাজ করছে।
হরমুজ প্রণালি ঘিরে নতুন করে উত্তেজনার মধ্যে রোববার (২১ জুন) সুইজারল্যান্ডের বুর্গেনস্টকে আনুষ্ঠানিকভাবে আলোচনা শুরু হয়। বৈঠকে যুক্তরাষ্ট্র, ইরান, পাকিস্তান ও কাতারের শীর্ষ নেতারা অংশ নেন।
মার্কিন প্রতিনিধিদলের নেতৃত্ব দের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, বিশেষ দূত স্টিভ উইটকফ এবং ট্রাম্প জামাতা জ্যারেড কুশনার। আর ইরানের পক্ষে সংসদ স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ ও পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি।
আটকে থাকা ইরানি সম্পদ মুক্ত, তেল নিষেধাজ্ঞা শিথিল এবং আঞ্চলিক নিরাপত্তা ইস্যুতে সুইজারল্যান্ডে চলছে ওয়াশিংটন-তেহরানের দরকষাকষি। প্রথম ৮০ মিনিটের উদ্বোধনী সেশনের পরই ট্রাম্পের হুমকির জেরে টেবিল ছাড়েন ইরানি প্রতিনিধিদল। এতে আলোচনার গতি অনেকটাই থমকে গেছে। হরমুজ প্রণালী ও লেবানন সংকটসহ ইসরাইল ইস্যু এই শান্তি প্রক্রিয়াকে ক্রমশ জটিল করে তুলেছে।
তবে মধ্যস্থতাকারী দুই দেশ পাকিস্তান ও কাতারের এক যৌথ বিবৃতিতে বলা হয়েছে, আলোচনা একটি ‘ইতিবাচক ও গঠনমূলক পরিবেশে’ অনুষ্ঠিত হয়েছে এবং এতে উৎসাহব্যঞ্জক অগ্রগতি অর্জিত হয়েছে। পাশাপাশি ভবিষ্যতে আরও বিস্তারিত কারিগরি পর্যায়ের আলোচনা চালিয়ে যাওয়ার জন্য একটি প্রক্রিয়াও প্রতিষ্ঠিত হয়েছে।
মধ্যস্থতাকারীরা জানান, উভয় পক্ষের মধ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুতে আলোচনা এগিয়ে নিতে বিশেষজ্ঞ ও কারিগরি কর্মীদল গঠন করা হয়েছে। এসব দল সম্ভাব্য চূড়ান্ত চুক্তির খসড়া এবং বাস্তবায়ন কাঠামো নিয়ে কাজ করবে।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।