,

শিরোনাম

ধর্ষণের পর আসামিদের হুমকি: বিষপানে স্কুলছাত্রীর মৃত্যু

সংবাদের আলো ডেস্ক: অপহরণের পর পাশবিক নির্যাতন, আর এরপর আসামিদের জীবননাশের হুমকি। শারীরিক ও মানসিক অত্যাচার সহ্য করতে না পেরে শেষ পর্যন্ত বিষপানের পথ বেছে নিল নবম শ্রেণির এক স্কুলছাত্রী। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর কোলে ঢলে পড়েছে সে। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে পঞ্চগড় সদর উপজেলায়।

সোমবার (১৪ সেপ্টেম্বর) রাতে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কিশোরীটির মৃত্যু হয়। এই ঘটনায় জড়িত অভিযোগে ইতোমধ্যে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন— পঞ্চগড় সদর উপজেলার ভিতরগড় এলাকার ঝেচুপাড়া গ্রামের মো. সোহেল (২৫) ও মো. রফিকুল ইসলাম ওরফে বাঘা মন্টু (২৩)।

মামলার এজাহার ও ভুক্তভোগীর পারিবারিক সূত্র জানায়, শালমারা মডেল উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ওই শিক্ষার্থীকে স্কুলে যাওয়া-আসার পথে প্রায়ই উত্ত্যক্ত ও কুপ্রস্তাব দিত সোহেল। গত ১০ সেপ্টেম্বর রাতে সোহেল ও তার সহযোগীরা কৌশলে কিশোরীকে অপহরণ করে এক নির্জন বাড়িতে নিয়ে যায়। সেখানে তার ওপর পাশবিক নির্যাতন চালানো হয় বলে অভিযোগ পরিবারের। ঘটনাটি কাউকে জানালে প্রাণে মেরে ফেলার হুমকিও দেয় অভিযুক্তরা।

পরদিন ১১ সেপ্টেম্বর স্বজনরা তাকে উদ্ধার করে বাড়ি নিয়ে আসেন। তবে এখানেই থামেনি আসামিদের অত্যাচার। লাগাতার হুমকি ও চরম মানসিক চাপে দিশেহারা হয়ে পরদিন ১২ সেপ্টেম্বর সকালে নিজ বাড়িতেই কীটনাশক পান করে ওই কিশোরী। মুমূর্ষু অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হলেও শেষ রক্ষা হয়নি।

কান্নায় ভেঙে পড়ে ভুক্তভোগীর বড় ভাই জানান, তার বোনকে অপহরণের পর পাশবিক নির্যাতন চালানো হয়েছে। পরবর্তীতে আসামিদের অব্যাহত হুমকিতেই সে আত্মহত্যা করতে বাধ্য হয়েছে। তিনি এই জঘন্য অপরাধে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে পঞ্চগড় সদর থানার পরিদর্শক (তদন্ত) আশীষ কুমার শীল জানান, এই ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করা হয়েছে। এজাহারনামীয় দুই আসামিকে ইতোমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের প্রক্রিয়া চলছে এবং বাকি আসামিদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়