,

শিরোনাম

নেত্রকোনা সদর হাসপাতালে রোগীর মৃত্যু, চিকিৎসক-নার্সদের অবহেলার অভিযোগ পরিবারের

নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোনা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরজ আলী মিয়া (৮০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। পরিবারের সদস্যরা অভিযোগ করেছেন, চিকিৎসক ও নার্সদের অবহেলার কারণে তার মৃত্যু হয়েছে। তবে হাসপাতাল কর্তৃপক্ষ এ বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি।

মঙ্গলবার বিকেল সাড়ে ৩টার দিকে আরজ আলী মিয়া নেত্রকোনা সদর হাসপাতালে মারা যান। তিনি বারহাট্টা উপজেলার শ্রীরাম গ্রামের মৃত সৈয়দ আলীর ছেলে।

নিহতের মেয়ের জামাই নাসির আহমেদ জানান, গতকাল বিকেলে বুকে ব্যথা অনুভব করলে আরজ আলী মিয়াকে নেত্রকোনা সদর হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে আনার পর চিকিৎসকরা বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পরামর্শ দেন। তবে হাসপাতালের সংশ্লিষ্ট বিভাগ বন্ধ থাকায় বাইরে থেকে পরীক্ষা করাতে হয় বলে তিনি দাবি করেন।

তার অভিযোগ, রাতভর রোগী প্রয়োজনীয় সেবা পাননি। মঙ্গলবার দুপুর ২টার দিকে রোগীর শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত নার্সদের খুঁজে পাওয়া যায়নি। একজন কর্মচারীকে জানানো হলেও কোনো সহযোগিতা মেলেনি বলে দাবি করেন তিনি। পরে চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি রোগীর কাছে না গিয়ে অক্সিজেন দেওয়ার পরামর্শ দেন। কিছুক্ষণ পর রোগীর মৃত্যু হয়।

নাসির আহমেদ বলেন, “চিকিৎসক ও নার্সদের অবহেলার কারণেই রোগীর মৃত্যু হয়েছে। পরে আমাদের হাতে ডেথ সার্টিফিকেট দিয়ে দেওয়া হয়েছে।”
এ বিষয়ে বক্তব্য নিতে হাসপাতালের তত্ত্বাবধায়ক ও আবাসিক মেডিকেল অফিসারের কক্ষে গেলে সেগুলো তালাবদ্ধ পাওয়া যায়।

মুঠোফোনে যোগাযোগ করা হলে নেত্রকোনা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. মাজহারুল ইসলাম বলেন, “মৃত্যুর বিষয়টি শুনেছি তবে বিস্তারিত বিষয়টি সম্পর্কে আমি অবগত নই। আমি অসুস্থা আজ আমি ছুটিতে আছি। আগামীকাল হাসপাতালে গিয়ে বিষয়টি জেনে বলতে পারব।”

ঘটনাটি নিয়ে রোগীর স্বজনদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। পরিবারের অভিযোগের বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের বিস্তারিত বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তীতে জানানো হবে।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়