হরমুজ প্রণালিতে মার্কিন সাবমেরিন ড্রোন আটক, দাবি ইরানের
সংবাদের আলো ডেস্ক: হরমুজ প্রণালির প্রবেশমুখে একটি মার্কিন চালকবিহীন সাবমেরিন বা পানির নিচে চলাচলকারী ড্রোন আটকের দাবি করেছে ইরান। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) এ দাবি করে।
তবে যুক্তরাষ্ট্র বলছে, ড্রোনটি আটকের আগেই বিকল হয়ে এক দিনেরও বেশি সময় ধরে পানিতে অচল অবস্থায় ছিল।
ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, আটক করা ড্রোনটি ‘ডাইভ-এলডি’ মডেলের একটি স্বয়ংক্রিয় পানির নিচের যান। এটি যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়াভিত্তিক প্রতিরক্ষা প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যান্ডুরিল তৈরি করেছে।
প্রায় ৫ দশমিক ৮ মিটার দীর্ঘ এই ড্রোনটি মাইন শনাক্ত ও অপসারণ, সমুদ্রতলের মানচিত্র তৈরি, গোয়েন্দা তথ্য সংগ্রহ এবং পানির নিচে থাকা কেবল ও পাইপলাইনের মতো অবকাঠামো পরিদর্শনের কাজে ব্যবহার করা যায়।
আইআরজিসির নৌবাহিনী এক বিবৃতিতে দাবি করেছে, হরমুজ প্রণালির প্রবেশমুখে তারা যুক্তরাষ্ট্রের চালকবিহীন সাবমেরিনটি আটক করেছে। ড্রোনটিতে অত্যাধুনিক প্রযুক্তি রয়েছে বলেও দাবি করেছে ইরান।
তবে ইরানের এই দাবিকে গুরুত্ব কমিয়ে দেখিয়েছে যুক্তরাষ্ট্র। পেন্টাগনের এক মুখপাত্র জানিয়েছেন, মার্কিন একটি পানির নিচের ড্রোন এক দিনেরও বেশি সময় আগে বিকল হয়ে গিয়েছিল।
মার্কিন কর্মকর্তার ভাষ্য, ড্রোনটি ওই অঞ্চলের পানিসীমায় চলমান সামরিক অভিযানের সহায়তায় জরিপ চালাচ্ছিল। তবে এটি ছিল তুলনামূলক পুরোনো মডেলের একটি ড্রোন। এতে কোনো সংবেদনশীল তথ্য সংগ্রহের সক্ষমতা বা গোপন শ্রেণিবদ্ধ সোনার ও রাডার সরঞ্জাম ছিল না বলেও জানিয়েছে যুক্তরাষ্ট্র।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।