সাভারে পুলিশ কর্মকর্তা হত্যা, গ্রেপ্তার আরও ৮ জন
সাভারের আমিনবাজারে পুলিশ বাহিনীর স্পেশাল ব্রাঞ্চের (এসবি) উপপরিদর্শক (এসআই) আলতাব হোসেনকে নৃশংসভাবে কুপিয়ে হত্যার ঘটনায় আরও ৮ জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। একই সাথে ঘটনায় সন্দেহভাজন আরও দুইজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
সোমবার (৭ সেপ্টেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম। এর আগে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে ঢাকার বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেপ্তার ও আটক করা হয়।
আটক দুজন হলেন- শুকুর ও রাবিক। তবে সদ্য গ্রেপ্তার হওয়া ৮ জনের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি পুলিশ।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম জানান, র্যাব-৪, র্যাব-১০ এবং গোয়েন্দা পুলিশের (ডিবি) একাধিক দল অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার ও আটক করে।
তিনি বলেন, ঘটনায় যুক্ত থাকার অভিযোগে নতুন করে ৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আটক দুইজনের তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে। হত্যাকাণ্ডে তাদের সরাসরি সম্পৃক্ততা নিশ্চিত হওয়া গেলে তাদেরও গ্রেপ্তার দেখানো হবে।
ওসি আরও জানান, গ্রেপ্তারকৃতদের মধ্যে কয়েকজন বর্তমানে র্যাব হেফাজতে রয়েছেন। এছাড়া এ ঘটনায় গ্রেপ্তার হওয়া অন্যতম আসামি জহিরুলকে ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে। উদ্ধার অভিযান চলাকালে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি সাদা রঙের প্রাইভেটকার জব্দ করেছে পুলিশ।
প্রসঙ্গত, গত শনিবার (৫ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে সাভারের আমিনবাজার ইউনিয়নের বরদেশী পশ্চিমপাড়া এলাকার ‘এড্রইট ফ্যাশন’ নামের একটি পোশাক কারখানায় এ নৃশংস হামলার ঘটনা ঘটে। সন্ত্রাসীদের হামলায় গুরুতর আহত এসআই আলতাব হোসেন পরে মারা যান। তিনি সাভারের বরদেশী এলাকায় বসবাস করতেন। এ ঘটনার পরদিন রোববার (৬ সেপ্টেম্বর) সকালে নিহত পুলিশ কর্মকর্তার স্ত্রী মোছা. শিউলী পারভীন বাদী হয়ে সাভার মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।