গ্যাস ও বিদ্যুৎ সংকটের মূল কারণ ফ্যাসিস্ট সরকারের কুকর্ম : জয়নুল আবেদীন
সংবাদের আলো ডেস্ক: বরিশাল-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট জয়নুল আবেদীন বলেছেন, দীর্ঘ ১৭ বছর একটি সরকার জোর করে ক্ষমতায় টিকে থাকার জন্য যা যা করা দরকার, তার সবই করেছে। বিগত সরকার ছাত্রসমাজকে ধ্বংস করেছে, রাজনৈতিক প্রতিপক্ষকে দমন করেছে, ব্যবসায়ী সমাজকে পঙ্গু করেছে এবং ব্যাংক-বীমাসহ দেশের পুরো অর্থনীতিকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে।
জয়নুল আবেদীন বলেন, আমাদের সরকারকে ব্যর্থ প্রমাণ করার জন্য নানা ধরনের কৌশল চলছে। বর্তমানে বিদ্যুৎ ও গ্যাসের যে তীব্র সংকট আমরা দেখছি, এটি বিগত ফ্যাসিবাদী সরকারের অপকর্ম ও চক্রান্তের ফল।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেলে বরিশালের বাবুগঞ্জ ডিগ্রি কলেজের হলরুমে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, স্বৈরাচারী সরকার দেশের স্বার্থকে জলাঞ্জলি দিয়ে বিভিন্ন গোপন চুক্তির মাধ্যমে দেশের প্রাকৃতিক সম্পদ ও বিদ্যুৎ খাতকে ধ্বংসের দিকে ঠেলে দিয়ে পালিয়ে গেছে। অথচ বাংলাদেশের বিপুল সম্ভাবনা ও গ্যাসসম্পদ সঠিকভাবে কাজে লাগাতে পারলে আগামী ৫০ বছর দেশ অনায়াসে এগিয়ে যেতে পারত। কিন্তু সেই গ্যাস পাচার করে নিয়ে যাওয়া হয়েছে। এর খেসারত এখন পুরো দেশবাসীকে দিতে হচ্ছে।
তিনি আরও বলেন, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর দেশের উন্নয়ন ও পুনর্গঠনে নানা পরিকল্পনা হাতে নিয়েছে। কিন্তু গ্যাস ও বিদ্যুৎ সংকটসহ বিভিন্ন সমস্যা অনেক পরিকল্পনা বাস্তবায়নে বাধার সৃষ্টি করছে। আজ দেশে গ্যাস ও বিদ্যুতের যে সংকট তৈরি হয়েছে, তার অন্যতম কারণ বিগত সরকারের রেখে যাওয়া নানা কুকর্ম ও ধ্বংসযজ্ঞ।
জয়নুল আবেদীন বলেন, তারেক রহমান একটি সুনির্দিষ্ট ভিশন ও রোডম্যাপ নিয়ে দেশ পুনর্গঠনের কাজ শুরু করেছেন। বাজেট পাসের আগেই সাহসিকতার সঙ্গে মাত্র ১৮০ দিনের স্বল্পমেয়াদি উন্নয়ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। প্রতিটি কাজের অগ্রগতি দৃশ্যমান করা হয়েছে।
তিনি বলেন, তারেক রহমানের সুস্পষ্ট প্রতিশ্রুতি অনুযায়ী দেশের প্রতিটি উপজেলা সদরে একটি করে মানসম্মত কলেজ সরকারি করা হবে। তা বাস্তবায়নের মাধ্যমে প্রমাণ করেন।
জয়নুল আবেদীন বলেন, শুধু অবকাঠামোগত উন্নয়নই একটি দেশের উন্নয়নের শেষ কথা নয়। বর্তমানে যুবসমাজকে মাদকের ভয়াল ছোবল থেকে রক্ষা করাও একটি বড় চ্যালেঞ্জ। এ বিষয়ে জনসচেতনতা তৈরিতে শিক্ষক সমাজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে শিক্ষকদের যে নিবিড় ও আত্মিক সম্পর্ক রয়েছে, তা অন্য কারও নেই।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান যে সমৃদ্ধ ও নতুন বাংলাদেশের স্বপ্ন নিয়ে এগিয়ে যাচ্ছেন, সেখানে শিক্ষা ও শিক্ষাপ্রতিষ্ঠানই সর্বোচ্চ অগ্রাধিকার পাবে।
বাবুগঞ্জ ডিগ্রি কলেজের অধ্যক্ষ আ. ন. ম. আঃ হালিমের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাবুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা উল হুসনা, বাবুগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক মো. সুলতান আহমেদ খান, সদস্যসচিব মো. ওয়াহিদুল ইসলাম প্রিন্স, বাবুগঞ্জ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা নাজমুল সালেহীন, বাবুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. শামসুল আলম ফকির, যুগ্ম আহ্বায়ক আরিফুর রহমান শিমুল সিকদার, রহমতপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আবদুল করিম হাওলাদার, সাধারণ সম্পাদক মো. রাজন সিকদার, বাবুগঞ্জ উপজেলা যুবদলের সভাপতি মো. রাকিবুল ইসলাম খান রাকিব, সিনিয়র যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম রাফিল, বরিশাল মহানগর ছাত্রদলের সাবেক সহসভাপতি মো. আজিজুল হক, বাবুগঞ্জ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. আতিক আল আমিন, সদস্যসচিব মো. ইয়াসিন আরাফাত, যুগ্ম আহবায়ক আকিব হোসেন ইমরান সহ বাবুগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এর আগে, বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত প্রীতি ফুটবল খেলায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন জয়নুল আবেদীন।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।