বেলকুচিতে যানজট নিরসনে দখলদারি উচ্ছেদ অভিযান !
জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের বেলকুচিতে যানজট নিরসনে সড়কের সরকারি জায়গায় অবস্থিত অবৈধ দোকানপাট উচ্ছেদ ও গালর্স স্কুলের গলি থেকে ঢাকা ব্যাংক পর্যন্ত অস্থায়ী দোকানপাট সরিয়ে দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত সায়দাবাদ-এনায়েতপুর আঞ্চলিক সড়কের বেলকুচি পৌরসভার মুকুন্দগাঁতী বাসস্ট্যান্ড এলাকায় এ অভিযান চালানো হয়। অভিযান পরিচালনা করেন উপজেলার নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আফরিন জাহান।

এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইশরাত জাহান, বেলকুচি থানার ওসি (তদন্ত) জহুরুল ইসলাম, পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা আমিনুজ্জামান, মুকুন্দগাঁতী বাজার বনিক সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী ভূইঁয়া, পরিচালক মুকুল মোল্লা ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।
জানা যায়, যানজট নিরসন নিয়ে বিভিন্ন গণমাধ্যম ও ফেসবুকে প্রচার হয়। এনিয়ে উপজেলায় আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভায় সর্বসম্মতিক্রমে মুকুন্দগাঁতী বাসস্ট্যান্ড এলাকায় যানজট নিরসন ও ফুটপাত দখল করে গড়ে ওঠা অস্থায়ী কাঁচা মালের দোকান অপসারণের সিদ্ধান্ত নেওয়া হয়। এ সিদ্ধান্তের পর উচ্ছেদ অভিযানের আগের দিন মুকুন্দগাঁতী এলাকায় মাইকিং করে অবৈধভাবে গড়ে ওঠা দোকানপাট ও অস্থায়ী দোকান সরিয়ে নেওয়ার জন্য সতর্ক করা হয়। কিন্তু অবৈধ দোকানপাট সরিয়ে না নেওয়ার কারণে এসব অবৈধ দোকানপাট উচ্ছেদ করা হয়।

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলার নির্বাহী অফিসার আফরিন জাহান জানান, জনস্বার্থে এবং যানজট নিরসনের লক্ষ্যে এ অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযান পরিচালনা করে সরকারি জায়গায় অবস্থিত অবৈধ দোকানপাট উচ্ছেদ করা হয়। অবৈধ দখলদারদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।