শনিবার, ৩০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

রাষ্ট্রীয়ভাবে আয়াতুল্লাহ খামেনির জানাজা আয়োজনের প্রস্তুতি ইরানের

সংবাদের আলো ডেস্ক: ইরানের নিহত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জন্য জাঁকজমকপূর্ণ রাষ্ট্রীয় জানাজার প্রস্তুতি শুরু করেছে ইরান। তবে অনুষ্ঠানটি কবে অনুষ্ঠিত হবে, সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

শনিবার (৩০ মে) এক প্রতিবেদনে সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল এ তথ্য জানায়।

শুক্রবার (২৯ মে) ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের এক প্রতিবেদনে বলা হয়, জানাজা আয়োজনের প্রস্তুতি নিতে একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছে। বিভিন্ন সরকারি ও সংশ্লিষ্ট সংস্থা ইতোমধ্যে প্রয়োজনীয় পরিকল্পনা ও প্রস্তুতির কাজ শুরু করেছে।

গত ২৮ ফেব্রুয়ারি, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার প্রথম দফায় নিহত হন খামেনি সিনিয়র। তিন দশকেরও বেশি সময় ধরে তিনি ইসলামি প্রজাতন্ত্র ইরানের নেতৃত্বে ছিলেন। হামলায় আহত হন তার ছেলে ও উত্তরসূরি মুজতাবা খামেনিও। দায়িত্ব গ্রহণের পর থেকে তাকে প্রকাশ্যে খুব কমই দেখা গেছে।

যুদ্ধ পরিস্থিতির কারণে খামেনির রাষ্ট্রীয় জানাজা আয়োজন বারবার পিছিয়ে যায়। এপ্রিল মাসে, তার স্মরণে একটি অনুষ্ঠান আয়োজন করা হলেও পূর্ণাঙ্গ রাষ্ট্রীয় জানাজা অনুষ্ঠিত হয়নি।

দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, বিভিন্ন সংস্থা প্রয়োজনীয় পরিবেশ নিশ্চিত করতে কাজ করছে, যাতে আনুষ্ঠানিক ঘোষণা দেয়ার পর একটি ‘জাঁকজমকপূর্ণ’ রাষ্ট্রীয় অনুষ্ঠান আয়োজন করা যায়। এতে বিপুল মানুষের অংশগ্রহণ হবে বলেও আশা করা হচ্ছে।

এদিকে, এপ্রিল থেকে কার্যকর যুদ্ধবিরতি এখনো মোটামুটি বহাল থাকলেও ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে সংঘাতের স্থায়ী সমাধান নিয়ে কোনো চূড়ান্ত সমঝোতা হয়নি।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়