ধামইরহাটে ১০ বছরের শিশুকে বলাৎকার, মাদরাসা শিক্ষক আটক
সংবাদের আলো ডেস্ক: নওগাঁর ধামইরহাট উপজেলায় ১০ বছরের এক শিশুকে বলাৎকারের অভিযোগে মমিনুল হক (২৭) নামে এক মাদরাসা শিক্ষককে আটক করেছে থানা পুলিশ। তিনি পত্নীতলা উপজেলার বরইল এলাকার ফারুক হোসেনের ছেলে। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার (২১ মে) দুপুরে ইসবপুর ইউনিয়নের বাদাল চাঁনপুর এলাকা থেকে তাকে আটক করে থানা পুলিশ।
অভিযোগ সূত্রে জানা যায়, গত মঙ্গলবার রাত ৮টায় বাদাল চাঁনপুর দারুল উলুম আশরাফিয়া কওমি মাদরাসার শিক্ষক মমিনুল হক কৌশলে ওই শিশু শিক্ষার্থীকে মাদরাসার একটি কক্ষে নিয়ে যায়। সেখানে তাকে বলাৎকার করা হয়। প্রথমে শিশুটি ভয়ে চুপচাপ থাকলেও পরে ঘটনার খবর ছড়িয়ে পড়লে এলাকাবাসীর মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। বৃহস্পতিবার স্থানীয়রা ওই শিক্ষককে বেঁধে পরে থানা পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থল থেকে শিক্ষককে থানা হেফাজতে আনেন। পরে মাদরাসা কমিটির সভাপতি নুরনবী বাদী হয়ে থানায় একটি এজাহার দায়ের করেন।
ধামইরহাট থানার ওসি মিন্টু রহমান জানান, আসামিকে আটক করা হয়েছে। নারী-শিশু নির্যাতন আইনে মামলা দায়েরের মাধ্যমে আসামিকে কোর্ট হাজতে প্রেরণের প্রক্রিয়া চলছে।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।