কানাডার পণ্যে ৫০ শতাংশ শুল্ক বসাল যুক্তরাষ্ট্র
সংবাদের আলো ডেস্ক: কানাডার প্রায় দুই হাজার কোটি ডলার টাকা মূল্যের পণ্যের ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটন ডিসিতে তিন দিন ধরে দুই দেশের বাণিজ্য প্রতিনিধিদের আলোচনা চললেও শেষ পর্যন্ত চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হয়েছে। এর পর শুল্ক আরোপের ঘোষণা দিল ট্রাম্প প্রশাসন। এদিকে নতুন মার্কিন শুল্কের জবাবে কানাডাও সমপরিমাণ শুল্ক আরোপ করবে বলে ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী মার্ক কার্নি।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বেঁধে দেওয়া সময়সীমা গত শুক্রবার স্থানীয় সময় রাত ১২টা ১ মিনিটে শেষ হওয়ার আগে যুক্তরাষ্ট্র ও কানাডার কর্মকর্তারা স্পষ্ট করে দেন, দুই দেশের মধ্যে কোনো সমঝোতা হয়নি।
কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি এক বিবৃতিতে বলেন, সাম্প্রতিক সপ্তাহগুলোতে যুক্তরাষ্ট্রের সঙ্গে বিশ্বের সবচেয়ে ভালো বাণিজ্যিক সম্পর্ক ও চুক্তির অবস্থান নিশ্চিত করতে কানাডা গুরুত্বপূর্ণ অগ্রগতি অর্জন করেছে। তবে কানাডীয়দের স্বার্থ পূরণে সেই অগ্রগতি যথেষ্ট হয়নি।
বাণিজ্যযুদ্ধের প্রভাব থেকে কানাডার নাগরিকদের সুরক্ষা দিতে সরকার কী পদক্ষেপ নেবে, সে বিষয়েও জানান কার্নি। তিনি বলেন, আগামী কয়েক দিনের মধ্যে শ্রমিক ও ব্যবসাপ্রতিষ্ঠানগুলোকে সহায়তা দিতে নতুন কিছু পদক্ষেপ নেওয়া হবে।
অন্যদিকে, আলোচনার ব্যর্থতার জন্য কানাডাকেই দায়ী করেছেন মার্কিন বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ার। তিনি এটিকে ‘যুক্তরাষ্ট্রের সঙ্গে অংশীদার হওয়ার ক্ষেত্রে কানাডার একটি হারানো সুযোগ’ বলে মন্তব্য করেন।
গ্রিয়ার বলেন, চলতি সপ্তাহের শুরুতে যেসব শর্তে সমঝোতা হয়েছিল, কানাডা সেসবের ভিত্তিতে বাণিজ্য চুক্তি চূড়ান্ত করতে অস্বীকৃতি জানিয়েছে। যুক্তরাষ্ট্রের বাজারে বড় রপ্তানিকারক দেশগুলোর মধ্যে কানাডাকে সবচেয়ে সুবিধাজনক বাণিজ্যিক মর্যাদা দেওয়ার প্রস্তাব দেওয়া হয়। এরপরও দেশটির নতুন দাবি এবং আগের কিছু প্রতিশ্রুতি থেকে সরে আসার কারণে গত কয়েক দিনে গড়ে ওঠা ভারসাম্য নষ্ট হয়েছে।
ট্রাম্প তাঁর দ্বিতীয় মেয়াদের শুরুতেই কানাডা থেকে আমদানি করা গুরুত্বপূর্ণ কিছু পণ্যের ওপর শুল্ক আরোপ করেছিলেন। এর পাল্টা জবাবে কানাডা একাধিক প্রতিশোধমূলক ব্যবস্থা নেয়। এরপর থেকেই দুই দেশের মধ্যে শুল্ক নিয়ে পাল্টাপাল্টি পদক্ষেপ চলছে। খবর আলজাজিরা ও দ্য গার্ডিয়ানের।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।