জাবি প্রক্টরের পদত্যাগের দাবিতে প্রশাসনিক ভবনে তালা
সংবাদের আলো ডেস্ক: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) এক শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার ঘটনায় অভিযুক্তকে দ্রুত গ্রেফতার এবং বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের পদত্যাগের দাবিতে প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়েছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা।
রোববার (১৭ মে) সকালে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে জড়ো হয়ে আন্দোলন কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। পরে তারা ভবনের মূল ফটকে তালা ঝুলিয়ে দেন। এ সময় প্রক্টরিয়াল বডির বিরুদ্ধে দায়িত্ব পালনে ব্যর্থতার অভিযোগ তোলেন আন্দোলনকারীরা।
গত ১২ মে ক্যাম্পাসের পুরাতন ফজিলাতুন্নেছা হল সংলগ্ন এলাকায় এক শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ওঠে এক বহিরাগতের বিরুদ্ধে।
এ ঘটনায় আশুলিয়া থানায় মামলা দায়ের করা হয়। তবে ঘটনার কয়েকদিন পেরিয়ে গেলেও অভিযুক্তকে গ্রেফতার করতে না পারায় ক্ষোভ প্রকাশ করেন শিক্ষার্থীরা।
আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, ঘটনার পর প্রশাসনের ভূমিকা ছিল অত্যন্ত ধীরগতির। তারা অভিযোগ করেন, ঘটনার প্রথম দিনই সিসিটিভি ফুটেজ প্রকাশ না করে তিন দিন পর তা সামনে আনা হয়েছে। এতে নিরাপত্তা ব্যবস্থা ও প্রশাসনের কার্যক্রম নিয়ে প্রশ্ন উঠেছে।
এক শিক্ষার্থী বলেন, এই সাত দিনের কর্মসূচি আমাদের বুঝিয়েছে, আসলে দেড় মাস ধরেই ভুক্তভোগী শিক্ষার্থীকে মানসিকভাবে ভুগতে হয়েছে। এত বড় ঘটনার পরও প্রশাসনের এমন নিষ্ক্রিয়তা মেনে নেওয়া যায় না। বর্তমানে আমরা ক্যাম্পাসে নিজেদের অনিরাপদ মনে করছি। অভিযুক্তকে গ্রেফতার এবং ক্যাম্পাসে নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এ কে এম রাশিদুল ইসলাম বলেন, বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা ব্যবস্থা আরও সুদৃঢ় করতে বিভিন্ন প্রকল্প ও কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। বাংলাদেশ সরকারের উচ্চ পর্যায় থেকেও আমাদের আশ্বস্ত করা হয়েছে যে, নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় অর্থায়ন করা হবে।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।