রাষ্ট্রপতি নির্বাচনে অভ্যস্ত নই, তবে প্রস্তুতি পূর্ণাঙ্গ: সিইসি
সংবাদের আলো ডেস্ক: রাষ্ট্রপতি নির্বাচনে ভোট গণনা সরাসরি দেখানো হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। ভোটের ফলাফল ঘোষণার পর নির্বাচনী কর্তা হিসেবে তিনি যে সিদ্ধান্ত দেবেন, সেটাই চূড়ান্ত হবে বলেও জানান তিনি।
আজ বুধবার (১৯ আগস্ট) বিকেলে নির্বাচন কমিশন (ইসি) ভবনে রাষ্ট্রপতি নির্বাচনের শেষ মুহূর্তের সার্বিক প্রস্তুতি তুলে ধরে সাংবাদিককদের সঙ্গে আলাকালে সিইসি এসব কথা বলেন।
সিইসি বলেন, ‘আমাদের ইনস্টিটিউশনাল মেমোরি (প্রাতিষ্ঠানিক স্মৃতি) একটু শর্ট। কারণ, এই নির্বাচনে আমরা অভ্যস্ত নই। রাষ্ট্রপতি নির্বাচনকে আমরা একটি হাই-প্রোফাইল ইলেকশন বলে মনে করি। পুরো প্রক্রিয়ায় যাতে কোনো গ্যাপ (ফাঁকফোকর) না থাকে, কমিশন সেই ব্যবস্থা গ্রহণ করেছে।”
তিনি জানান, রাষ্ট্রপতির পদ খালি হওয়ায় এবং গণ-অভ্যুত্থান-পরবর্তী সার্বিক পরিস্থিতিতে এই নির্বাচনের দিকে বিশ্ববাসী তাকিয়ে আছে। তবে এ নির্বাচন পরিচালনার জন্য কমিশন সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে। পুরো প্রক্রিয়ায় সংসদ সচিবালয় থেকে সার্বিক সহযোগিতা পাওয়া গেছে বলে জানান তিনি।
ভোটের স্বচ্ছতা বজায় রাখার প্রতিশ্রুতি দিয়ে সিইসি বলেন, ‘গণনায় পূর্ণ স্বচ্ছতা নিশ্চিত করতে পুরো প্রক্রিয়াটি সরাসরি (লাইভ) সম্প্রচার করা হবে। প্রার্থীদের মধ্যে সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতেই ফলাফল ঘোষণা করা হবে। আর ফলাফল ঘোষণার পর নির্বাচনী কর্তা যে সিদ্ধান্ত দেবেন, সেটিই চূড়ান্ত হবে।’
ভোট গ্রহণ শেষে ফলের ভিত্তিতে দ্রুততম সময়ে ইসি থেকে গেজেট প্রকাশ করা হবে বলেও জানান তিনি।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।