প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে ইতিবাচক কোনো তথ্য নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
সংবাদের আলো ডেস্ক: প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে এখন পর্যন্ত কোনো ইতিবাচক তথ্য নেই বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। সফর চূড়ান্ত হলে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকেই তা জানানো হবে বলে জানান তিনি।
মঙ্গলবার (১৮ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।
জাতিসংঘের প্রতিবেদনে বাংলাদেশে আল-কায়েদার তৎপরতা নিয়ে যে তথ্য উঠে এসেছে, সেটিকে ‘ফ্যাসিবাদী সরকারের প্রোপাগান্ডা’ হতে পারে বলেও মন্তব্য করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তিনি বলেন, এ বিষয়ে জাতিসংঘের কাছে তথ্য-উপাত্তের ভিত্তি জানতে চাইবে বাংলাদেশ। বর্তমানে এ ধরনের কোনো তথ্য বাংলাদেশের কাছে নেই বলেও জানান তিনি।
বাংলাদেশকে নিয়ে জাতিসংঘের ওই প্রতিবেদনের ভিত্তি নিয়েও প্রশ্ন তুলেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। বিষয়টি নিয়ে জাতিসংঘের সঙ্গে যোগাযোগ করে বিস্তারিত জানতে চাওয়া হবে বলে জানান তিনি। তার দাবি, আওয়ামী লীগের রাজনৈতিক কৌশলের অংশ হিসেবেও এ ধরনের তথ্য ব্যবহার করা হয়ে থাকতে পারে।
এদিকে রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমারের দেওয়া সংখ্যার সঙ্গেও বাংলাদেশ একমত নয় বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। বিষয়টি ঢাকায় নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূতকে জানানো হয়েছে।
বাংলাদেশ নিরাপদ ও অনুকূল পরিবেশ নিশ্চিত করে রোহিঙ্গাদের প্রত্যাবাসন শুরু করতে চায় বলেও জানান তিনি। এ জন্য মিয়ানমারের ভেরিফিকেশন প্রক্রিয়া দ্রুত শেষ করার ওপর গুরুত্ব দিচ্ছে ঢাকা।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।