রবিবার, ১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

উল্লাপাড়ায় এসএসসি পরীক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার খন্দকার আব্দুল মজিদ উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার নামে শিক্ষার্থীদের কাছ থেকে নিয়মবহির্ভূতভাবে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ উঠেছে। এ নিয়ে সংবাদ সংগ্রহ করতে গেলে বিদ্যালয়ের এক শিক্ষক সাংবাদিকদের হেনস্তা ও দুর্ব্যবহার করেছেন বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শিল্পী রানী সরকার এসএসসি পরীক্ষার্থীদের কাছ থেকে চারু ও কারুকলা, আইসিটি ও শারীরিক শিক্ষা বিষয়ের পরীক্ষার খরচ বাবদ শিক্ষার্থী প্রতি ২০০ টাকা করে আদায় করছেন। সরকারি নিয়মে নির্ধারিত ফি-র বাইরে এভাবে অতিরিক্ত টাকা নেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন অভিভাবকরা। সচেতন মহলের মতে, সরকারি নির্দেশনার বাইরে এমন অর্থ আদায় সম্পূর্ণ অবৈধ।

এ বিষয়ে জানতে চাইলে প্রধান শিক্ষিকা শিল্পী রানী সরকার অর্থ আদায়ের সত্যতা স্বীকার করে বলেন, “স্কুলে পরীক্ষা নেওয়ার সময় কিছু আনুষঙ্গিক খরচ হয়, সেই খরচ মেটাতেই শিক্ষার্থীদের কাছ থেকে এই টাকা নেওয়া হচ্ছে।” উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল কাদের বিশ্বাস এ বিষয়ে জানান, অতিরিক্ত টাকা নেওয়ার নিয়ম আছে কি না তা তিনি খতিয়ে দেখবেন এবং বিষয়টি জেনে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন। অতিরিক্ত টাকা আদায়ের বিষয়টি নিয়ে সংবাদ সংগ্রহ করতে বিদ্যালয়ে গেলে আইসিটি বিভাগের শিক্ষক গোলাম আম্বিয়া সাংবাদিকদের ওপর চড়াও হন। তিনি উপস্থিত গণমাধ্যমকর্মীদের বিভিন্নভাবে হেনস্তা করেন।

এসময় তিনি নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে দম্ভোক্তি প্রকাশ করেন এবং সংবাদ সংগ্রহে বাধা প্রদান করেন। একজন শিক্ষকের এমন অপেশাদার আচরণে উপস্থিত সংবাদকর্মীদের মধ্যে তীব্র নিন্দা ও প্রতিবাদের সৃষ্টি হয়েছে। শিক্ষার্থীদের কাছ থেকে নিয়মবহির্ভূত অর্থ আদায় বন্ধ এবং সাংবাদিকদের সাথে অশোভন আচরণকারী শিক্ষক গোলাম আম্বিয়ার বিরুদ্ধে দ্রুত তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী ও সচেতন অভিভাবক মহল।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়