শনিবার, ৯ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

চাটমোহরে কৃষকদল নেতার বাড়ি থেকে ভেজাল দুধ তৈরির কেমিক্যাল জব্দ

সংবাদের আলো ডেস্ক: পাবনার চাটমোহরে বহিস্কৃত কৃষকদল নেতার বাড়ি থেকে এবার বিপুল পরিমাণ ভেজাল দুধ তৈরির কেমিক্যাল ও দুধ তৈরির সরঞ্জাম আটক করা হয়েছে। শনিবার সকালে উপজেলার বিলচলন ইউনিয়নের নটাবাড়িয়া এলাকা থেকে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) সদস্যরা আব্দুল মোমিন ও তার সহযোগী আল আমিন হোসেনের বাড়ি থেকে বিপুল পরিমাণ দুধ তৈরির জেলি (কেমিক্যাল) আটক করে। এ সময় ভেজাল দুধ তৈরির সাথে জড়িত থাকার অভিযোগে আটক করা হয় আব্দুল মোমিনের বাবা আজিজুল প্রামানিককে।

জানা গেছে, দীর্ঘদিন ধরেই কেমিক্যাল, পামওয়েল তেল দিয়ে ভেজাল দুধ তৈরি করে আসছিল আজিজুল প্রামানিকের ছেলে বহিস্কুত কৃষকদল নেতা আব্দুল মোমিন। এসব ভেজাল দুধ দেশের বড় বড় কোম্পানির দুগ্ধ শীতলীকরণ কেন্দ্রে বিক্রি করে আসছিল সে। গত বছরের ১৯ আগস্ট উপজেলা নির্বাহী অফিসার মুসা নাসের চৌধুরী গোপন সংবাদর ভিত্তিতে আব্দুল মোমিনের বাড়িতে অভিযান চালিয়ে ২০ মণ নকল দুধ, কেমিক্যাল, মিক্সার গ্রাইন্ডারসহ বিভিন্ন উপকরণ জব্দ করেন।

এরপর তার দুধ সংগ্রহ কেন্দ্রে অভিযান চালান ইউএনও। এ সময় আব্দুল মোমিনকে ৫০ হাজার জরিমানা করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট মুসা নাসের চৌধুরী। পরবর্তীতে আর ভেজাল দুধ তৈরি করবেন না মর্মে মুচলেকা দেন আব্দুল মোমিন। এরপর ইউনিয়ন কৃষকদলের সাংগঠনিক সম্পাদকের পদ থেকে তাকে বহিস্কার করা হয়।

কিন্তু এরপরেও থেমে থাকেনি ভেজাল দুধ তৈরির কারবার। শনিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে এনএসআইয়ের পাবনা জেলার উপ-পরিচালক এ.বি.এম লুৎফুল কবির, ফিল্ড অফিসার জাকারিয়া সুলতান, মামুনুর রশিদ, সেনেটারী ইনেসপেক্টর (স্বাস্থ্য পরিদর্শক) এসএম আসলাম হোসেনসহ এনএসআইয়ের সদস্যরা আব্দুল মোমিন ও তার সহযোগী আল আমিন হোসেনের বাড়িতে দুধ তৈরির সময় ৬১০ লিটার কেমিক্যাল, ভেজাল দুধ ১২০ লিটার ও দুধ তৈরির সরঞ্জাম আটক করা হয়।

এ সময় এনএসআই সদস্যদের সাথে ধ্বস্তাধস্তি করে পালিয়ে যান আব্দুল মোমিন ও তার সহযোগী আল আমিন। পরে খবর পেয়ে ইউএনও মুসা নাসের চৌধুরী পুলিশ ও আনসার সদস্যদের নিয়ে ঘটনাস্থলে পৌঁছে দুধ তৈরির কেমিক্যালসহ অন্যান্য সরঞ্জাম জব্দ করেন। আটক করা হয় আব্দুল মোমিনের বাবা আজিজুল প্রামানিককে।

ঘটনার বিষয়ে উপজেলা কৃষকদলের সভাপতি লিটন বিশ্বাস জানান, ইতিপূর্বে ভেজাল দুধ কান্ডের জন্য মমিনকে শোকজ করা হয়েছিল। তার এহেন শৃঙ্খলা বহির্ভুত কাজে জড়িত থাকার জন্য দল থেকে সাংগঠনিক ভাবে স্থায়ী বহিস্কারের ব্যবস্থা গ্রহন করা হবে।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মুসা নাসের চৌধুরী জানান, বিপুল পরিমাণ দুধ তৈরির কেমিক্যাল ও সরঞ্জাম জব্দ করা হয়েছে। আটক ব্যক্তিকে থানায় সোপর্দ করা হয়েছে। এছাড়া এর সাথে যারা জড়িত তাদের বিরুদ্ধে থানায় নিয়মিত মামলা করার জন্য বলা হয়েছে।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়