মঙ্গলবার, ৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

আশুলিয়ায় ক্লেমন–এইউবি আন্তঃকলেজ ক্রিকেট টুর্নামেন্ট ২০২৬-এর জমকালো উদ্বোধন

স্টাফ রিপোর্টার: জমকালো আয়োজন ও উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে “ক্লেমন–এইউবি আন্তঃকলেজ ক্রিকেট টুর্নামেন্ট ২০২৬”।

মঙ্গলবার (৫ মে) সকালে এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ (এইউবি)-এর নিজস্ব ক্যাম্পাসের মাঠে উদ্বোধনী ম্যাচের মাধ্যমে পর্দা ওঠে এই প্রতিযোগিতার।

উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান আকর্ষণ ছিলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও ক্লেমন স্পোর্টস-এর সিওও খালেদ মাসুদ পাইলট। তাঁর প্রাণবন্ত উপস্থিতি খেলোয়াড়দের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি করে এবং পুরো আয়োজনকে আরও প্রাণবন্ত করে তোলে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এইউবি’র প্রতিষ্ঠাতা ও প্রতিষ্ঠাতা উপাচার্য এবং বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান প্রফেসর ড. আবুল হাসান মুহাম্মদ সাদেক। উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর ড. মোশারফ হোসেন ভূঁইয়া, ভারপ্রাপ্ত ট্রেজারার প্রফেসর ড. সায়েদা আক্তার বেগম এবং কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন ড. মুহাম্মাদ জাফার সাদেক।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এম. এ. মোতালিব চৌধুরী, স্টুডেন্টস অ্যাফেয়ার্স পরিচালক ও ইংলিশ বিভাগের প্রভাষক মোহাম্মদ সোলেমান, এইউবি স্পোর্টস ক্লাবের মডারেটর ও সমাজকর্ম বিভাগের প্রভাষক আরিফ খান এবং ক্লেমন স্পোর্টসের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

উদ্বোধনী অনুষ্ঠানের পর খেলা মাঠে গড়ালে পুরো ক্যাম্পাস প্রাণচঞ্চল হয়ে ওঠে। উদ্বোধনী ম্যাচকে ঘিরে ক্যাম্পাসজুড়ে সৃষ্টি হয় উৎসবের আমেজ। দর্শকদের সরব উপস্থিতিতে মাঠ ছিল প্রাণবন্ত ও উচ্ছ্বাসে ভরপুর।

ঢাকা বিভাগের মোট ২৪টি কলেজের অংশগ্রহণে আয়োজিত এই টুর্নামেন্টটি তরুণ ক্রিকেটারদের প্রতিভা বিকাশের একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে বিবেচিত হচ্ছে। দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের উদীয়মান খেলোয়াড়দের জন্য এটি একটি অনন্য সুযোগ, যেখানে তারা নিজেদের দক্ষতা প্রদর্শনের পাশাপাশি পারস্পরিক সৌহার্দ্য ও ক্রীড়াসুলভ মনোভাব গড়ে তুলতে পারবে।

আয়োজনের জন্য এশিয়ান ইউনিভার্সিটি ও ক্লেমনকে আগত ক্রিকেটাররা আন্তরিক অভিনন্দন জানান। টুর্নামেন্টের ফাইনাল আগামী ১৫ মে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়