চাটমোহরে ব্র্যাক ডেইরির উদ্যোগে আধুনিক দুগ্ধ খামার ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত
সঞ্জিত চক্রবর্তী, পাবনা প্রতিনিধি: “আধুনিক প্রযুক্তি, দক্ষ খামারি, সমৃদ্ধ ডেইরি” স্লোগানকে সামনে রেখে পাবনার চাটমোহর উপজেলায় ব্র্যাক ডেইরি অ্যান্ড ফুড প্রজেক্টের উদ্যোগে “আদর্শ দুগ্ধ খামার ব্যবস্থাপনা ও আধুনিক প্রযুক্তি সম্প্রসারণ” শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৪ মে) সকাল ১১টায় উপজেলার ভাদুনগরে এ কর্মশালার আয়োজন করা হয়। প্রশিক্ষণে দুগ্ধ খামারিদের আধুনিক পদ্ধতিতে গরু পালন, সুষম খাদ্য ব্যবস্থাপনা, রোগ প্রতিরোধ, কৃত্রিম প্রজনন, দুধ উৎপাদন বৃদ্ধি এবং প্রযুক্তিনির্ভর খামার পরিচালনার বিভিন্ন বিষয়ে বিস্তারিত ধারণা দেওয়া হয়। আয়োজকরা জানান, বিজ্ঞানভিত্তিক ব্যবস্থাপনা ও আধুনিক প্রযুক্তির ব্যবহার লাভজনক ও টেকসই দুগ্ধ খামার গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাটমোহর উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. স্বপন কুমার সরকার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভেটেরিনারি সার্জন ডা. উম্মে আরেফিন, ব্র্যাক ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর পাবনা মারুফ পারভেজ, হেড অফিসের কিউএমএস শাখার কর্মকর্তা খালিদ ইবনে আনোয়ার এবং ব্র্যাক ডেইরির ভেটেরিনারি সার্জন ডা. মো. সোহেল রানা। কর্মশালায় সভাপতিত্ব করেন ব্র্যাক ডেইরি অ্যান্ড ফুড প্রজেক্টের শাহজাদপুর অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক ডা. মো. রিয়াজুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন এরিয়া ম্যানেজার মো. ফরিদুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে ডা. স্বপন কুমার সরকার বলেন, খামার ব্যবস্থাপনায় পরিচ্ছন্নতা, সময়মতো টিকাদান, উন্নত জাতের গবাদিপশু নির্বাচন এবং তথ্যপ্রযুক্তির ব্যবহার নিশ্চিত করা গেলে দেশে মানসম্মত দুগ্ধ উৎপাদন আরও বাড়বে এবং দুগ্ধ শিল্প হবে আরও টেকসই। প্রশিক্ষণে বক্তারা বর্ষাকালে গাভীর খাদ্য সংকট মোকাবিলায় সাইলেজ তৈরি, খামারের হাইজিন ও স্যানিটেশন, কমপ্লিট মিল্কিং এবং গাভীকে সার্বক্ষণিক বিশুদ্ধ পানি সরবরাহের গুরুত্ব তুলে ধরেন।
একইসঙ্গে মডেল ফার্ম গড়ে তুলতে আধুনিক জ্ঞান ও প্রযুক্তির প্রয়োগের ওপর জোর দেওয়া হয়। অনুষ্ঠানে স্থানীয় খামারি, কৃষি উদ্যোক্তা, প্রাণিসম্পদ বিভাগের কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। অংশগ্রহণকারীরা প্রশিক্ষণকে সময়োপযোগী ও বাস্তবমুখী হিসেবে উল্লেখ করেন। প্রশিক্ষণে চাটমোহর ও ভাঙ্গুড়া উপজেলার প্রায় ১০০ জন দুগ্ধ খামারি অংশ নেন।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।