শনিবার, ২৫শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

বিপ্লবীদের খুন করে চেতনা দমানো যায় না: জামায়াত আমির

সংবাদের আলো ডেস্ক: জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘হাদিরা বাংলাদেশের পক্ষে, বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের পক্ষে ছিল। হাদিরা আপন সংস্কৃতির কথা বলতো, উচ্চারণ ছিল অপসংস্কৃতির বিরুদ্ধে। বিপ্লবীদের খুন করে বিপ্লবের চেতনা দমানো যায় না।’

আজ রবিবার (২১ ডিসেম্বর) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে সন্ত্রাসীদের গুলিতে নিহত শহীদ শরিফ ওসমান হাদির কবর জিয়ারত করতে এসে তিনি এসব কথা বলেন।

আমির বলেন, ‘এই দেশ, এই জাতি আমাদের; দেশ এবং জাতির পাহারাদারি আমাদেরই করতে হবে। কোনো কালো চিলকে আমাদের ভাগ্য আর চুরমারের সুযোগ দেব না। এটাই ছিল তাদের অঙ্গীকার। তারা বলেছিল জীবন দেব তবুও ‌‘চব্বিশ’ দেব না। এটা কেন বলেছিল আমরা সবাই বুঝি। এটাই তাদের অপরাধ?’

তিনি বলেন, ‘তারা কারো দিকে অন্যায়ের হাত বাড়ায়নি। কারোর ওপর জুলুম করেনি। হাদি আজীবন ইনসাফের কথা বলেছে। এমনকি এটাও বলেছে যে আমি কোনো শত্রুর ওপরেও বেইনসাফি করতে চাই না এবং কেউ বেইনসাফি করুক সেটাও আমরা দেখতে চাই না।’

জামায়াত আমির বলেন, ‘যারা বিপ্লবী তাদের খুন করে বিপ্লবের চেতনাকে খুন করা যায় না। বরঞ্চ সেই চেতনা আরও ছড়িয়ে পড়ে। গতকালকের জানাজা সারা দুনিয়া প্রত্যক্ষ করেছে এবং আমরা মনে করি সারা দুনিয়ায় জানাজার সঙ্গে মানসিকভাবে সম্পৃক্ত ছিল।’

তিনি বলেন, ‘জনগণের দাবি আশা করি প্রধান উপদেষ্টাসহ উপদেষ্টা মণ্ডলি সেখানে (হাদির জানাজা নামাজ) উপস্থিত ছিলেন তারা বুঝতে পেরেছেন। অতি দ্রুত সমস্ত সন্দেহ-সংশয়ের বাইরে এসে খুনিদের গ্রেপ্তার করতে হবে এবং আইনের আওতায় আনতে হবে। যদি খুনিরা পার পেয়ে যায় তাহলে আপনার আমার কারো জীবন নিরাপদ করা যাবে না।’

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়