
সংবাদের আলো ডেস্ক: নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যপূর্ণ যাতায়াত নিশ্চিত করতে চালু হওয়া বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) ‘মহিলা বাস সার্ভিস’ বা পিংক বাস বড় ধরনের আর্থিক লোকসানের মুখে পড়েছে। সংস্থাটির হিসাব অনুযায়ী, মাত্র আড়াই মাসে এই সেবায় ১ টাকা আয়ের বিপরীতে খরচ হচ্ছে ৪ টাকা ২২ পয়সা। শুরু থেকে অক্টোবর পর্যন্ত বাসগুলোতে মোট লোকসান দাঁড়িয়েছে ২৭ লাখ টাকারও বেশি।
বিআরটিসির তথ্যমতে, চলতি বছরের আগস্ট থেকে অক্টোবর এই তিন মাসে পিংক বাস থেকে আয় হয়েছে প্রায় ৮ লাখ ৫১ হাজার টাকা। এর বিপরীতে ব্যয় হয়েছে ৩৫ লাখ ৮৭ হাজার টাকা। ফলে এই সময়ে প্রতিষ্ঠানটিকে প্রায় ২৭ লাখ ৩৬ হাজার টাকা লোকসান গুনতে হয়েছে।
সরেজমিনে দেখা গেছে, অফিস ছুটির পর সন্ধ্যায় পিংক বাসে যাত্রীদের ব্যাপক ভিড় থাকে। মতিঝিল থেকে নতুন বাজারগামী বাসটি ছাড়ার আগেই সব আসন পূর্ণ হয়ে যায়। এ বিষয়ে মতিঝিল থেকে নতুন বাজারগামী নিয়মিত এক নারী যাত্রী বলেন, অফিস ছুটির পর সাধারণ বাসে প্রচণ্ড ভিড় ও ধাক্কাধাক্কির মধ্যে যাতায়াত করা ভীষণ কষ্টকর। পিংক বাস চালু হওয়ায় আমরা খুব স্বস্তিতে ও নিরাপদে বাড়ি ফিরতে পারছি। তবে বাসের সংখ্যা এবং ট্রিপ আরও বাড়ানো হলে ও সময়সূচি সম্পর্কে প্রচারণা চালালে যাত্রী সংকট থাকবে না।
সন্ধ্যায় যাত্রীদের এমন স্বস্তির চিত্র দেখা গেলেও দিনের অন্যান্য সময়ে পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন। সকালের দিকে আব্দুল্লাহপুর থেকে মতিঝিলগামী একটি পিংক বাস হাউজ বিল্ডিং এলাকা থেকে খিলক্ষেত পর্যন্ত মাত্র পাঁচ থেকে ছয়জন যাত্রী নিয়ে চলাচল করতে দেখা গেছে। প্রচারের অভাবের কথা তুলে ধরে উত্তরা থেকে মতিঝিলগামী এক নারী যাত্রী জানান, সকালে কখন বাস ছাড়ে বা কোন কোন স্টপেজে থামে, তা অনেক নারীই জানেন না। কোনো নির্দিষ্ট অ্যাপ বা স্টপেজে সাইনবোর্ড থাকলে আমাদের জন্য বাসটি খুঁজে পাওয়া সহজ হতো।
অনেকটা স্কুল বাসের আদলে সকালে যাত্রীদের গন্তব্যে পৌঁছে দিয়ে দীর্ঘ বিরতির পর বিকেলে ফিরতি ট্রিপ দেওয়ায় বাসগুলোর সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত হচ্ছে না বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এ বিষয়ে এক পরিবহন বিশেষজ্ঞ বলেন, যেকোনো নতুন গণপরিবহন সেবা জনপ্রিয় হতে কিছুটা সময় লাগে। তবে সকাল ও বিকেলের মাঝের দীর্ঘ সময় বাস বসিয়ে রাখলে পরিচালন ব্যয় বাড়বেই। সঠিক রুট প্ল্যানিং, ডিজিটাল ট্র্যাকিং এবং পর্যাপ্ত প্রচারণার মাধ্যমে এই সেবাটিকে লাভজনক ও টেকসই করা সম্ভব।
লোকসান কাটিয়ে উঠতে এবং সেবার মান বাড়াতে নতুন পরিকল্পনার কথা জানিয়েছেন বিআরটিসি চেয়ারম্যান। তিনি বলেন, নারীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করাই ছিল এই সার্ভিসের মূল লক্ষ্য, শুরুতে মুনাফার বিষয়টি আমরা মুখ্য রাখিনি। তবে সেবার মান ধরে রাখতে হলে লোকসান কমিয়ে আনা জরুরি। এজন্য আমরা রুট ও সময়সূচি নিয়ে নতুন করে ভাবছি। অফ-পিক আওয়ারে বাসগুলোকে বিকল্প রুটে চালানো এবং নারীদের সঙ্গে পরিবারের একজন পুরুষ সদস্য বা আপনজন নেওয়ার সুযোগ দেওয়ার প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।
যাত্রীদের সুবিধার্থে রুট ও সময়সূচিভিত্তিক একটি মোবাইল অ্যাপ তৈরির কাজ চলছে উল্লেখ করে বিআরটিসি চেয়ারম্যান আরও জানান, শিগগিরই এই সেবায় নতুন করে আরও ১০০টি বৈদ্যুতিক বাস যুক্ত করা হবে।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2026 সংবাদের আলো. All rights reserved.