
উজ্জ্বল অধিকারী: সিরাজগঞ্জের বেলকুচিতে জমির মালিকানা নিয়ে বিরোধের জেরে মানববন্ধন করেছেন একটি পরিবারের সদস্যরা। বিরোধপূর্ণ ওই জমির দ্রুত ও সঠিক সমাধান না হলে যেকোনো সময় রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা করছেন তারা। জমির বৈধ মালিকানা দাবি করে প্রশাসনের কাছে নিরপেক্ষ তদন্ত ও আইনানুগ সমাধানের দাবি জানিয়েছেন ভুক্তভোগী পরিবার।
শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যায় বেলকুচি পৌরসভা এলাকার মুকুন্দগাঁতী মৌজার বিরোধপূর্ণ জমির সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। স্থানীয় কলেজের গেট থেকে পৌরসভার গেট পর্যন্ত সড়কের পাশে দাঁড়িয়ে আয়োজিত মানববন্ধনে হাফিজুর রহমান ও তার পরিবারের সদস্যরা অংশ নেন।
মানববন্ধনে বক্তব্যে হাফিজুর রহমান দাবি করেন, মুকুন্দগাঁতী মৌজার আরএস ৯০৯ নম্বর দাগের ৭ দশমিক ২৫ শতাংশ জমি তাদের পৈতৃক ও ক্রয়সূত্রে প্রাপ্ত সম্পত্তি। এ জমি নিয়ে অতীতে নানাভাবে হয়রানি ও চাপের মুখে পড়তে হয়েছে বলে অভিযোগ করেন তিনি। বর্তমানে জমিটি নিয়ে আদালতে মামলা চলমান রয়েছে।
তিনি অভিযোগ করে বলেন, মামলা বিচারাধীন থাকা অবস্থায় এবং কোনো চূড়ান্ত রায় হওয়ার আগেই তাকে হয়রানি ও কারাবাসের মুখে পড়তে হয়েছিল। পরবর্তীতে জামিনে মুক্তি পেলেও মামলা নিষ্পত্তির আগেই প্রতিপক্ষ জমিতে টিনের বেড়া দেওয়ার চেষ্টা করলে তারা বাধা দেন।
হাফিজুর রহমান ও তার পরিবারের দাবি অনুযায়ী, আরএস ৩৪২ নম্বর খতিয়ানের মোট ২৯ শতাংশ জমির মধ্যে ৭ দশমিক ২৫ শতাংশ জমি তার বাবা আব্দুস সামাদ ও চাচা আজাহার আলী এবং মোজাম্মেল হক ক্রয়সূত্রে মালিক হন। দীর্ঘদিন ধরে তারা ওই জমি শান্তিপূর্ণভাবে ভোগদখল করে আসছেন।
পরিবারটির অভিযোগ, প্রতিপক্ষ শামিম আরা ওরফে সামু বেওয়া জমিটির মালিকানা দাবি করে বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছেন। জমিতে অবৈধভাবে প্রবেশ কিংবা স্থাপনা নির্মাণের আশঙ্কা থেকেই তারা নিজেদের দখল রক্ষায় জমির চারপাশে টিনের বেড়া দিয়েছেন বলে দাবি করেন।
মানববন্ধনে বক্তব্যে আজাহার আলী, আব্দুস সামাদ ও মোজাম্মেল হক জমিটির রেকর্ডীয় ও দখলীয় মালিকানা দাবি করেন। তাদের অভিযোগ, জমি থেকে উচ্ছেদ করার উদ্দেশ্যে তাদের বিরুদ্ধে চাঁদাবাজি, হুমকিসহ বিভিন্ন মানহানিকর অভিযোগ তোলা হচ্ছে।
মানববন্ধনে উপস্থিত স্বজন ও এলাকাবাসীর একাংশ জমিটির প্রকৃত মালিকানা নির্ধারণে ভূমি অফিসের মাধ্যমে দলিল, খতিয়ান ও পর্চা যাচাই করে নিরপেক্ষ তদন্তের দাবি জানান। একই সঙ্গে উভয় পক্ষের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনা প্রশমন ও সম্ভাব্য সংঘাত এড়াতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।
এ বিষয়ে অভিযুক্ত পক্ষের বক্তব্য জানতে যোগাযোগে করার চেষ্টা করা হলে শামিম আরা ওরফে সামু বেওয়া মুঠোফোনে জানান, এটি আমার কেনা সম্পত্তি। জায়গায় প্রকৃত মালিক হওয়ার জন্য যা কিছু কাগজপত্র থাকার দরকার তা আমাদের কাছে আছে। তারা আমার ক্রয় করা জাগয়া দখল করার পায়তারা করছে।
বেলকুচি থানা অফিসার ইনচার্জ মোক্তারুজ্জামান জানান, জমি সংক্রান্ত ব্যাপারে উভয় পক্ষ থেকে আমরা অভিযোগ পেয়েছি। অভিযোগের বিষয়ে ক্ষতিয়ে দেখে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2026 সংবাদের আলো. All rights reserved.