
নওগাঁ প্রতিনিধি: নওগাঁর নিয়ামতপুর থানা পুলিশ অভিযান চালিয়ে আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় তিন সদস্যকে গ্রেপ্তার করেছে। শুক্রবার (২০ নভেম্বর) রাত ১ টার দিকে উপজেলার ভাবিচা ইউনিয়নের গাবতলী বাজার এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন, নওগাঁ জেলার সদর উপজেলার ফারাদপুর গ্রামের মৃত বছির উদ্দিনের ছেলে রেজাউল করিম ওরফে লসিমন, একই উপজেলার চক গোয়ালী গ্রামের আমজাদ হোসেনের ছেলে রিমন হোসেন ও বগুড়া জেলার আদমদীঘি উপজেলার শান্তাহার গ্রামের বাবু মিয়ার ছেলে সাগর।
পুলিশ জানায়, দেশীয় অস্ত্র সস্ত্রে সজ্জিত আট জন ডাকাত ডাকাতির উদ্দেশ্যে পিকআপ যোগে নিয়ামতপুরের দিকে আসছে মর্মে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৩ জনকে গ্রেপ্তার করা হয়। ডাকাত চক্রের অপর অজ্ঞাতনামা ৫ জন কৌশলে পালিয়ে যায়। এ সময় ডাকাতদলের কাছে থেকে দেশীয় অস্ত্র, দড়ি এবং ডাকাতির কাজে ব্যবহৃত একটি পিকআপ গাড়ি উদ্ধার করা হয়।
নিয়ামতপুর থানার ওসি মাহবুবুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ডাকাত দলের তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে পূর্বে চুরি, ডাকাতি, মাদকসহ বিভিন্ন মামলা রয়েছে। থানায় একটি মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2026 সংবাদের আলো. All rights reserved.