
সংবাদের আলো ডেস্ক: খুলনায় বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে হামলা, ভাঙচুর ও চাঁদাবাজির প্রতিবাদে গোপনে জেলা প্রশাসককে (ডিসি) স্মারকলিপি দিয়েছেন ফার্মেসির মালিকরা। একইসঙ্গে ব্যবসায়ীদের রক্ষায় পুলিশকে কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য খুলনা মেট্রোপলিটন পুলিশের কমিশনারকেও স্মারকলিপি দিয়েছেন তারা।
‘খুলনার সাধারণ কেমিস্টবৃন্দ’ ব্যানারে বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে খুলনার জেলা প্রশাসক ও মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কাছে এ স্মারকলিপি দেওয়া হয়। চাঁদাবাজদের ভয়ে স্মারকলিপি দেওয়ার সময় ছবি পর্যন্ত তোলেননি ব্যবসায়ীরা।
স্মারকলিপিতে আগামী তিন দিনের মধ্যে সমস্যা সমাধানের অনুরোধ জানানো হয়। অন্যথায় ১৬ নভেম্বর থেকে খুলনার সব ফার্মেসি বন্ধ করে কঠোর কর্মসূচি দিতে ব্যবসায়ীরা বাধ্য হবেন বলে উল্লেখ করা হয়েছে।
স্মারকলিপিতে বলা হয়, বাংলাদেশে একমাত্র ব্যবসা যেখানে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতার মাধ্যমে ফার্মেসি ব্যবসা করতে হয়। এই ব্যবসার মাধ্যমে আপামর জনতার স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হয়। আমরা সব ফার্মেসি ব্যবসায়ী সকাল থেকে শুরু করে মধ্যরাত পর্যন্ত এবং কোথাও কোথাও সারারাত এই সেবা দিয়ে আসছি।
কিন্তু দুঃখের বিষয় সম্প্রতি চয়নিকা ফার্মেসি, মল্লিক ব্রাদার্সসহ বিভিন্ন ফার্মেসির ব্যবসায়ীদের সন্ত্রাসী ও চাঁদাবাজরা বিশাল অংকের চাঁদা দাবি করার পাশাপাশি প্রাণনাশের হুমকি দিচ্ছে। যার পরিপ্রেক্ষিতে চয়নিকা ফার্মেসি, মল্লিক ব্রাদার্সসহ বেশ কিছু ফার্মেসি বন্ধ রয়েছে।
অথচ আজ পর্যন্ত ওই সন্ত্রাস ও চাঁদাবাজদের বিরুদ্ধে প্রশাসনিকভাবে কোনও রকম ব্যবস্থা গ্রহণ করা হয়নি। আগামী তিন দিনের মধ্যে সন্ত্রাসী ও চাঁদাবাজদের বিরুদ্ধে প্রশাসনিকভাবে কঠোর ব্যবস্থা গ্রহণ না করা হলে খুলনা সব ফার্মেসি বন্ধসহ কঠোর কর্মসূচির ডাক দেওয়া হবে।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2026 সংবাদের আলো. All rights reserved.