
সংবাদের আলো ডেস্ক: ধর্ম আলাদা, কিন্তু বন্ধুত্বের বন্ধন ছিল অটুট। জীবনের শেষ বিদায়েও বন্ধুকে একনজর দেখতে ছুটে এলেন হিন্দু বাল্যবন্ধু সুরেশ। মুসলিম বন্ধু আব্দুল হাকিম ডাকুয়ার জানাজা চলছিল নিচে, আর ব্রিজের ওপর নীরবে দাঁড়িয়ে অপলক তাকিয়ে ছিলেন তিনি।
ভিন্ন ধর্মের দুই বন্ধুর এমন মানবিক সম্পর্কের দৃশ্য ছুঁয়ে গেছে স্থানীয়দের হৃদয়।
ঘটনাটি বরিশালের উজিরপুর উপজেলার হস্তিশুন্ড গ্রামের। বার্ধক্যজনিত কারণে কৃষক হাকিম ডাকুয়ার (৭০) মৃত্যু হলে খবর পেয়ে ছুটে আসেন দীর্ঘদিনের বাল্যবন্ধু বীর মুক্তিযোদ্ধা সুরেশ (৭০)।বন্ধুর জানাজার স্থানে উপস্থিত হলেও ধর্মীয় রীতির প্রতি শ্রদ্ধা রেখে ব্রিজের ওপর এক পাশে নীরবে দাঁড়িয়ে থাকেন তিনি।
অপলক দৃষ্টিতে বন্ধুর শেষ বিদায় দেখছিলেন সুরেশ। আপ্লুত কন্ঠে বীর মুক্তিযোদ্ধা সুরেশ বলেন, 'আমরা ছোটবেলা থেকে একসঙ্গে বড় হয়েছি। একই সঙ্গে খেলাধুলা করেছি। কত স্মৃতি আমাদের! ধর্ম আলাদা হলেও আমাদের বন্ধুত্বের মধ্যে কখনো কোনো ভেদাভেদ ছিল না। সুখে-দুঃখে সব সময় একে অপরের পাশে ছিলাম। আজ আমার সেই বাল্যবন্ধু আর নেই। ওর মৃত্যুর খবর শুনেই ছুটে এসেছি। জানি, সে আর ফিরে আসবে না। তবুও শেষবারের মতো বন্ধুকে একনজর দেখতে চেয়েছি।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2026 সংবাদের আলো. All rights reserved.