
নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় জেলা ইট প্রস্তুতকারক মালিক সমিতির উদ্যোগে এক মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে সদর উপজেলা অডিটরিয়ামে এই সভার আয়োজন করা হয়। জেলার ইট প্রস্তুতকারক ব্যবসায়ীদের নানা সংকট নিরসন, পারস্পরিক ঐক্য সুদৃঢ়করণ এবং সেক্টরটির ভবিষ্যৎ করণীয় নির্ধারণের লক্ষ্যে এই সভার আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক ও নওগাঁ জেলা বিএনপির সভাপতি আবু বক্কর সিদ্দিক নান্নু। ইট প্রস্তুতকারক মালিক সমিতির সভাপতি নূর-ই-আলম মিঠুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন নওগাঁ পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক নাজমুল হোসাইন এবং সংগঠনের সাধারণ সম্পাদক মাজেদুর রহমান মাজেদ সহ বিভিন্ন ইটভাটার মালিকরা।
বক্তারা সভায় বলেন, ইটশিল্প দেশের অর্থনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এবং অসংখ্য শ্রমজীবী মানুষ এই ভাটায় কাজ করে জীবিকা নির্বাহ করছে। অথচ সরকার নিয়মিত কর ও ভ্যাট আদায় করা সত্ত্বেও এবং সকল শর্ত পূরণ করা সত্ত্বেও পরিবেশ অধিদপ্তর থেকে অধিকাংশ ভাটাকে পরিবেশগত ছাড়পত্র দেওয়া হচ্ছে না। এতে গুটিকয়েক ভাটা ছাড়পত্র পেলেও বাকিদের নানাভাবে হয়রানির শিকার হতে হচ্ছে।
বক্তারা আরও বলেন, এভাবে অহেতুক হয়রানি ও জটিলতার কারণে যদি ইটভাটাগুলো বন্ধ হয়ে যায়, তবে বিপুল সংখ্যক মানুষ কর্মসংস্থান হারিয়ে বেকার হয়ে পড়বে। পাশাপাশি সরকারও মোটা অঙ্কের রাজস্ব থেকে বঞ্চিত হবে। তাই দেশের অবকাঠামোগত উন্নয়ন ও অর্থনীতিকে শক্তিশালী রাখতে ইটভাটা শিল্পের সমস্যাগুলো দ্রুত দূর করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আহ্বান জানান তারা।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2026 সংবাদের আলো. All rights reserved.